লেন্স পরে মেকআপ? জেনে নিন কিছু জরুরি টিপস!

কন্টাক্ট লেন্স ব্যবহারকারীদের জন্য মেকআপ করাটা অনেক সময়ই ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। চোখ লাল হওয়া, ঝাপসা দেখা, বা অনবরত চোখ থেকে জল পড়ার মতো সমস্যাগুলো বেশ সাধারণ। তবে কিছু ছোট নিয়ম মেনে চললে লেন্স পরা চোখও সুন্দরভাবে সাজানো সম্ভব।

মেকআপের আগে লেন্স পরুন
মেকআপ শুরু করার আগেই চোখে লেন্স পরে নিন। তবে, লেন্সে হাত দেওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেবেন। এরপর ধাপে ধাপে মেকআপ শুরু করুন। লেন্স পরার আগে মেকআপ করলে হাত বা চোখের পাতায় লেগে থাকা বাড়তি মেকআপ লেন্সে লেগে যাওয়ার আশঙ্কা থাকে, যা অস্বস্তি তৈরি করতে পারে।

ক্রিম জাতীয় প্রসাধনী ব্যবহার করুন
লেন্স পরা চোখে পাউডার জাতীয় আইশ্যাডো ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ পাউডারের গুঁড়ো চোখের ভেতর ঢুকে চোখ জ্বালা করা বা লাল হয়ে যাওয়ার কারণ হতে পারে। এর পরিবর্তে ক্রিম জাতীয় প্রসাধনী ব্যবহার করুন।

বাজারে বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায়। কাজল, মাস্কারা, লাইনার কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন তা যেন ঘাম বা জল লেগে নষ্ট না হয়ে যায়। লেন্স খোলার আগে যদি চোখের মেকআপ ঘেঁটে যায়, তবে তা চোখের ভেতর ঢুকে যেতে পারে। এছাড়াও, চোখের পাতার ভেতরে মাস্কারা লাগাবেন না। সাধারণ তুলনামূলক কম দামের প্রসাধনীগুলো চোখের জন্য ক্ষতিকর হতে পারে, তাই গুণগত মান দেখে কিনুন।

হাত দিয়ে মেকআপ করবেন না
মেকআপ করার সময় অনেকেই হাত ধোয়ার কথা ভুলে যান, যা জীবাণু ছড়ানোর কারণ হতে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো স্পঞ্জ বা মেকআপ ব্রাশ ব্যবহার করা। লেন্স পরলে চোখের পাতার আশপাশে বা চোখের কোণে সরাসরি মেকআপ না করার চেষ্টা করুন, কারণ এতে লেন্সের সাথে মেকআপের কণা লেগে যেতে পারে।

মেকআপ তোলার পর পরিষ্কার করুন
শুধু মেকআপ করলেই হবে না, দিনের শেষে সঠিকভাবে মেকআপ তোলাও জরুরি। সবার আগে ভালো করে হাত ধুয়ে লেন্স খুলে ফেলুন। এরপর রিমুভার দিয়ে ধীরে ধীরে মেকআপ তুলে ফেলুন। মেকআপ করার পর প্রতিবার ব্যবহৃত স্পঞ্জ এবং ব্রাশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখুন। এতে সংক্রমণ এড়ানো সম্ভব হবে।

এই সহজ নিয়মগুলো মেনে চললে লেন্স ব্যবহার করেও আপনি নিশ্চিন্তে মেকআপ করতে পারবেন এবং আপনার চোখ থাকবে সুরক্ষিত।