যৌনতা শুধু আনন্দের প্রকাশ নয়, সুস্থ শরীরেরও চাবিকাঠি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

যৌনতাকে সাধারণত ভালোবাসা ও ঘনিষ্ঠতার প্রকাশ হিসেবেই দেখা হয়। তবে সাম্প্রতিক কিছু গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষকদের মতে, এটি কেবল মানসিক বা শারীরিক সুখের মাধ্যম নয়, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এক মোক্ষম হাতিয়ার হতে পারে। নিয়মিত সক্রিয় যৌন জীবন বহু রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
পেনসিলভেনিয়া এবং ক্যালিফোর্নিয়া-সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি সমীক্ষায় এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার যৌন মিলনে লিপ্ত হন, তাদের মধ্যে জীবাণু ও ভাইরাস প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। তাদের দেহে আইজিএ নামক অ্যান্টিবডির পরিমাণও ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়, যা সর্দি-কাশির মতো সাধারণ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিই নয়, নিয়মিত যৌনতা হ্রদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত শরীরচর্চার সময় পান না, তাদের জন্য যৌনতা হতে পারে এক দারুণ বিকল্প। এটি পঞ্চাশোর্ধ্ব মানুষদের দেহে রক্ত সঞ্চালন ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া, নারীদের উচ্চ রক্তচাপের সমস্যা কমাতেও এটি অনেকটাই সহায়ক।
যৌনতার আরও একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত দিক হলো প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস। গবেষকরা বলছেন, যেসব পুরুষ মাসে অন্তত ২১ বার বীর্য ত্যাগ করেন, তাদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়।
অবশ্য, মনে রাখা জরুরি যে প্রত্যেক মানুষের শারীরিক গঠনতন্ত্র ভিন্ন। তাই নিজের শরীরকে বোঝা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি, কোনো যৌনরোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতেও সচেতন থাকতে হবে।