মেসেজে কেউ মিথ্যা বলছে কি না, বুঝবেন কীভাবে? এই ৫টি কৌশল জানলে আর কেউ আপনাকে বোকা বানাতে পারবে না!

সামনাসামনি কথোপকথনের সময় শারীরিক ভাষা, কণ্ঠস্বর এবং মুখের অভিব্যক্তি দেখে অপর মানুষটিকে সহজে বোঝা যায়। কিন্তু মেসেজিংয়ের ক্ষেত্রে এই সুবিধা না থাকায় প্রায়শই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে তো মিথ্যা বলার জন্য চ্যাটিংকেই হাতিয়ার করে অনেকে। কিন্তু মেসেজে কেউ আপনাকে মিথ্যা বলছে কি না, তা কীভাবে বুঝবেন? এখানে রইল ৫টি সহজ কৌশল:

১। কথায় অস্পষ্টতা:

যদি আপনি যার সঙ্গে কথা বলছেন, তার মেসেজে অনেক বিষয়ে অস্পষ্টতা বা ধোঁয়াশা থাকে, তবে বুঝবেন এর ভেতরে কিছু মিথ্যা লুকিয়ে আছে। মিথ্যাবাদীরা প্রায়শই অর্ধেক সত্যির সঙ্গে অর্ধেক মিথ্যা মিশিয়ে দেয়, যা মনোযোগ দিয়ে না পড়লে সহজে ধরা কঠিন। তাই মেসেজগুলো মনোযোগ দিয়ে পড়ুন— অসঙ্গতি বা অস্পষ্টতাগুলো নিজেই ধরতে পারবেন।

২। উত্তর দিতে অতিরিক্ত সময়:

এমন কোনো সাধারণ প্রশ্ন যার উত্তর দিতে খুব বেশি চিন্তা করার প্রয়োজন হয় না, কিন্তু অপর প্রান্তের ব্যক্তিটি অস্বাভাবিকভাবে দেরিতে উত্তর দিচ্ছে— এর মানে হলো সে হয়তো আপনার জন্য একটি ‘মিথ্যা’ সাজিয়ে তুলছে। চ্যাটিং বক্সের নিচে ‘টাইপিং’ লেখা দেখা যাচ্ছে, অথচ উত্তর আসতে অনেক সময় লাগছে? এটি একটি বড় সতর্ক সংকেত হতে পারে।

৩। এলোমেলো প্রশ্ন করুন:

মিথ্যা বলার সময় অনেকে বিস্তারিত চমকপ্রদ গল্প সাজিয়ে তোলে, যার পেছনে অনেক সময় শক্ত কোনো কারণও থাকে না। এমন পরিস্থিতিতে মিথ্যাটি ধরতে চাইলে, মূল বিষয়ের সঙ্গে সম্পর্কহীন কিছু এলোমেলো প্রশ্ন (Random Questions) করুন। মিথ্যা সাজাতে ব্যস্ত থাকায় তখন তারা আর তৎক্ষণাৎ নতুন করে মিথ্যা সাজিয়ে উত্তর দিতে পারবে না।

৪। প্রশ্ন ফাঁকি দেওয়া:

আপনি মেসেজে কিছু জানতে চেয়েছেন কিন্তু অপর ব্যক্তিটি সেই প্রশ্নটি সরাসরি এড়িয়ে যাচ্ছে? এর মানে হতে পারে সে আপনার কাছে কিছু লুকাচ্ছে। অনেকে চালাকি করে প্রশ্নের শুধুমাত্র একটি অংশের উত্তর দেয় এবং অন্য অংশটির উত্তর এমনভাবে দেয় যা সত্য নয় বা আপনাকে বিভ্রান্ত করে।

৫। অতিরিক্ত ইমোজির ব্যবহার:

যদি আপনি বিস্তারিত কিছু জানতে চেয়ে মেসেজ করেন, কিন্তু উত্তরে ঘন ঘন বা কেবল ইমোজি ব্যবহার করে চলেছেন— তাহলে এর অর্থ হতে পারে সে আপনার নির্দিষ্ট প্রশ্নটি এড়িয়ে যাচ্ছে। ইমোজি ব্যবহার করে তারা মূল প্রসঙ্গটি হালকা করার চেষ্টা করে এবং গুরুতর উত্তর দেওয়া থেকে বিরত থাকে। এটিও মিথ্যা বলার একটি পরিচিত কৌশল।