মুখের ঘায়ের যন্ত্রণা বাড়ছে? অজান্তেই এই ৫ খাবার আপনার বিপদ বাড়াচ্ছে না তো!

মুখের ঘা বা আলসার একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক সমস্যা। মানসিক চাপ বা পুষ্টির অভাবের কথা আমরা অনেকেই জানি, কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্যতালিকা যে এই সমস্যার প্রধান কারণ হতে পারে, তা অনেকেরই অজানা। ‘জার্নাল অফ ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ’-এর গবেষণা বলছে, খাদ্যাভ্যাসের পরিবর্তনেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মুখের ঘা এড়াতে বা সারিয়ে তুলতে যে খাবারগুলো থেকে দূরে থাকবেন:
১. ঝাল খাবার: অতিরিক্ত মরিচ বা মশলাযুক্ত খাবার মুখের কোমল আস্তরণে জ্বালা ধরায় এবং ঘায়ের তীব্রতা বাড়ায়।
২. টক বা অম্লীয় খাবার: লেবু, কমলা বা টমেটোর মতো অম্লীয় খাবার ক্ষত শুকাতে বাধা দেয় এবং জ্বালা সৃষ্টি করে।
৩. নোনতা ও প্রক্রিয়াজাত খাবার: চিপস বা চানাচুরের মতো অতিরিক্ত লবযুক্ত খাবার মুখের শ্লৈষ্মিক ঝিল্লিতে প্রদাহের সৃষ্টি করে।
৪. মচমচে খাবার: টোস্ট বা ক্র্যাকারের শক্ত ও ধারালো প্রান্ত মুখের ভেতরে ছোটখাটো ক্ষত তৈরি করে, যা পরবর্তীতে আলসারে রূপ নিতে পারে।
৫. অ্যালার্জি সৃষ্টিকারী খাবার: কফি, চকোলেট বা বাদামের মতো কিছু খাবার অনেকের শরীরে অ্যালার্জি বা আলসারের কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং খাদ্যতালিকায় তাজা ফল ও শাকসবজি রাখুন। ভিটামিন সি এবং ফোলেট সমৃদ্ধ খাবার মুখের ভেতরের আস্তরণকে সুরক্ষিত রাখে। যদি নিয়মিত ঘা হওয়ার সমস্যা থাকে, তবে নিজের শরীরের জন্য দায়ী খাবারগুলো শনাক্ত করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সচেতনতাই এই যন্ত্রণাদায়ক অবস্থা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।