মুখরোচক খাবারও কমাতে পারে ওজন, তালিকায় থাকুক এই শস্য-সমৃদ্ধ স্ন্যাকসগুলি

মুখরোচক খাবারও কমাতে পারে ওজন, তালিকায় থাকুক এই শস্য-সমৃদ্ধ স্ন্যাকসগুলি
কলকাতা, ০৯ মে, ২০২৫: ওজন কমানোর কথা ভাবলেই মনে হয় যেন পছন্দের খাবার থেকে দূরে থাকতে হবে। কিন্তু ধারণাটা একেবারেই ভুল! মুখরোচক খাবারও ওজন কমাতে সাহায্য করতে পারে, যদি তা সঠিক উপায়ে বেছে নেওয়া যায়। এক্ষেত্রে শস্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শস্য দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আপনাকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। মনে রাখবেন, ওজন কমানো মানে কিন্তু না খেয়ে থাকা নয়, বরং ভেবেচিন্তে খাওয়ার উপরেই তা নির্ভরশীল।
পুষ্টিবিজ্ঞানীরা প্রায়ই দিনে চারবার বড় খাবার খাওয়ার পরিবর্তে একাধিক ছোট ছোট খাবারে নিজেদের ডায়েট ভাগ করে নেওয়ার পরামর্শ দেন। এর মূল কারণ হল, ছোট ছোট খাবার প্রাকৃতিকভাবে আমাদের বিপাকক্ষমতা বৃদ্ধি করে। তাই স্বাস্থ্যকর স্ন্যাকস সবসময় হাতের কাছে রাখা বুদ্ধিমানের কাজ। বিভিন্ন শস্য, ডাল এবং কিছু খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সন্ধান পাওয়া যায়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে সহায়ক। আজ আমরা তেমনই কয়েকটি প্রোটিন সমৃদ্ধ ভারতীয় স্ন্যাকসের কথা আলোচনা করব:
১. পনীর ভুরজি: পনীরে প্রোটিন এবং ক্যালসিয়ামের এক চমৎকার সমন্বয় দেখা যায়। শুধু তাই নয়, পনীর আপনার পেটের চর্বি কমাতেও সহায়ক ভূমিকা পালন করে। পনীর ভুরজি একটি সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করা যায় এমন একটি পদ। স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মাল্টিগ্রেন রুটির সাথে এই পদটি চেখে দেখতে পারেন।
২. ডিমের চাট: সেদ্ধ ডিম ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এটি শুধু খেতেই সুস্বাদু নয়, স্বাস্থ্যকরও বটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ডিম সেদ্ধ করা খুব সহজ এবং যখন খুশি এটি তৈরি করা যেতে পারে। একটি মাঝারি আকারের সেদ্ধ ডিম পুরুষ ও মহিলাদের শরীরে দৈনিক প্রোটিনের চাহিদার প্রায় ১৫% পর্যন্ত পূরণ করতে সক্ষম। ডিমের চাট তৈরি করাও বেশ সহজ। সেদ্ধ ডিম ছোট ছোট করে কেটে নিন, এরপর লঙ্কা, টক চাটনি, পেঁয়াজ এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মুখরোচক ডিমের চাট।
৩. ওটস ইডলি: ১০০ গ্রাম ওটসে প্রায় ১৭ গ্রাম প্রোটিন থাকে। দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় এই স্বাস্থ্যকর এবং সুস্বাদু স্ন্যাকসটি কোনও রকম অস্বস্তি ছাড়াই আপনার পেট ভরাবে। চালের গুঁড়ো দিয়ে তৈরি ইডলি আপনার অন্ত্রের জন্য একটি দারুণ স্বাস্থ্যকর খাবার। এটি হজম করাও সহজ এবং ওজন কমাতেও সহায়ক। আর যখন ওটস দিয়ে ইডলি তৈরি করা হয়, তখন এর পুষ্টিগুণ আরও অনেক বেড়ে যায়।
৪. মিক্সড মিলেট ভেলপুরি: এটি একটি কম চর্বিযুক্ত এবং অত্যন্ত সুস্বাদু জলখাবার, যা আপনি তীব্র খিদে পেলে কোনো রকম স্বাস্থ্য নিয়ে চিন্তা না করেই খেতে পারেন। রাগি এবং বাজরার মিশ্রণে তৈরি ভেলপুরির উপর সামান্য লেবুর রস মিশিয়ে খেলে এর স্বাদ আরও বেড়ে যায়। তাই যখনই হালকা খিদে অনুভব করবেন, অল্প লেবুর রস ছড়িয়ে মিক্সড মিলেট ভেলপুরি উপভোগ করতে পারেন।
৫. রাগি সমোসা: তেলেভাজা ময়দার সমোসার পরিবর্তে এবার খান এই পুষ্টিকর রাগির সমোসা। কুচোনো শসা, বাদাম, মটরশুঁটি এবং কাজু বাদামের পুর দিয়ে তৈরি এই সমোসা শুধুমাত্র পুষ্টিগুণে ভরপুর নয়, এটি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।
সুতরাং, ওজন কমানোর জন্য আর মুখ ফিরিয়ে থাকার প্রয়োজন নেই আপনার পছন্দের খাবার থেকে। এই শস্য-সমৃদ্ধ মুখরোচক স্ন্যাকসগুলি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আপনাকে সুস্থ ও প্রাণবন্ত রাখতেও সাহায্য করবে। তাই এবার ডায়েটের তালিকায় যোগ করুন এই স্বাস্থ্যকর বিকল্পগুলি এবং উপভোগ করুন সুস্বাদু খাবার, স্বাস্থ্য সচেতনতার সাথে।