মটরশুঁটির গুণাগুণ! রোগ প্রতিরোধ থেকে ত্বক রক্ষা, জানুন উপকারিতা

মটরশুঁটির মৌসুম চলছে। এই সময়ে উপকারী ও সুস্বাদু এই সবজির উপস্থিতি খাবারগুলোর স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনই সুস্বাস্থ্য রক্ষার্থে দারুণভাবে অবদান রাখে। হরদম যে সবজিটি খাওয়া হচ্ছে, তার উপকারিতাগুলো তুলে ধরা হলো আজকের ফিচারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: মটরশুঁটিতে থাকা উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট ছোট-বড় অসুস্থতা থেকে শরীরকে নিরাপদে রাখতে কাজ করে। এতে থাকা উচ্চমাত্রার মিনারেল যেমন – আয়রন, ক্যালসিয়াম, জিংক, কপার, ম্যাংগানিজ প্রভৃতি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ত্বকের বলিরেখা প্রতিরোধ করে: মটরশুঁটি থেকে পাওয়া যায় অ্যান্টি-এইজিং উপাদান, যা ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। এতে থাকা ফ্ল্যাভনয়েডস ক্যাটেচিন, এপিক্যাটাচিন, ক্যারোটেনয়েড ও আলফা ক্যারোটেনয়েডের মতো অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীরগতি করে এবং ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

আলঝেইমার ও আর্থ্রাইটিস প্রতিরোধ করে: মটরশুঁটিতে থাকা ভিটামিন-কে বয়সকালীন বড় ধরনের রোগ যেমন আলঝেইমার ও আর্থ্রাইটিস থেকে শরীরকে রক্ষা করতে পারে। এমনকি নিয়মিত মটরশুঁটি খেলে আলঝেইমারের রোগীদের নিউরাল ড্যামেজের মাত্রা অনেকটাই কমে আসে। একদম ফ্রেশ মটরশুঁটি থেকে ভিটামিন-কে সবচেয়ে বেশি পাওয়া যায়।

নিয়ন্ত্রণে রাখে রক্তে চিনির মাত্রা: মটরশুঁটিতে পর্যাপ্ত পরিমাণে আঁশ ও প্রোটিন থাকে, যার ফলে রক্তে চিনি ধীরে ধীরে মেশে। এছাড়াও মটরশুঁটিতে বাড়তি চিনি না থাকায় এই সবজিটি খেলে কোনো সমস্যা দেখা দেয় না। পাশাপাশি এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চোখের জন্য উপকারী: মটরশুঁটিতে পরিমিত মাত্রায় লুটেন, ক্যারোটেনিস ও জি-জ্যান্থিনের মতো অ্যান্টি-অক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড এবং ভিটামিন-এ থাকে। এই সকল পুষ্টি উপাদান চোখের সুস্থতা ও সুস্থ দৃষ্টিশক্তির জন্য অপরিহার্য।

চুল পড়ার হার কমায়: ভিটামিন-এ ও কে এর পাশাপাশি মটরশুঁটি থেকে ভিটামিন-সি পাওয়া যায়, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করার জন্য কোলাজেনের প্রয়োজন। শরীরে ভিটামিন-সি এর অভাব হলে চুল পড়া ও চুল শুষ্ক হওয়ার মাত্রা বেড়ে যেতে পারে।

ত্বকের প্রদাহ কমায়: মটরশুঁটিতে ত্বকের জন্য উপকারী পুষ্টি উপাদান যেমন ভিটামিন-বি৬, ভিটামিন-সি ও ফলেট রয়েছে। এই পুষ্টি উপাদানগুলো শরীরের যেকোনো অংশের ত্বকের প্রদাহ দ্রুত কমাতে ও ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।

সুতরাং, মটরশুঁটি শুধু স্বাদের জন্যই নয়, স্বাস্থ্যের জন্যও একটি অত্যন্ত উপকারী সবজি। এই মৌসুমের এই সবজিটিকে আপনার খাদ্য তালিকায় যোগ করে এর অসাধারণ গুণাগুণ উপভোগ করুন।