ভিটামিন-সি এর অভাব? শরীরে জানান দেবে এই ৫টি লক্ষণ!

জলে দ্রবণীয় ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন-সি অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ভিটামিন। শারীরিক নানাবিধ কার্যকলাপ ও সুস্থতার জন্য এই ভিটামিনটি অপরিহার্য। বিভিন্ন প্রাকৃতিক ফল ও সবজিতে এটি পাওয়া যায়। হৃদযন্ত্র, চোখ, ত্বকসহ পুরো শরীরের ছোট-বড় বহু সমস্যা প্রতিরোধে এবং শরীরকে সুস্থ রাখতে এই পুষ্টি উপাদানটি অত্যাবশ্যক।
তবে বর্তমানের খাদ্যাভ্যাসের কারণে প্রাকৃতিক উপাদান গ্রহণ করা হয় খুবই কম। জাঙ্ক ফুড ও প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝোঁক বাড়ায় শরীরে ভিটামিন-সি এর ঘাটতি থেকেই যাচ্ছে। ফলে বাড়ছে অসুস্থতার হার।
ভিটামিন-সি সুস্বাস্থ্যের জন্য জরুরি একটি পুষ্টি উপাদান। কিন্তু অনেকেই জানেন না, কেন এটি গ্রহণ করা প্রয়োজন। আজকের ফিচারে সেই বিষয়গুলোই তুলে ধরা হলো:
১. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া:
শরীরে ভিটামিন-সি-এর মাত্রা কমে গেলে ঘন ঘন ঠান্ডা-জ্বরের সমস্যা এবং বিভিন্ন সংক্রমণজনিত রোগ দেখা দিতে শুরু করে। কারণ পর্যাপ্ত ভিটামিন-সি-এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকখানি কমে যায়। সাধারণ যে সমস্যাগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে খুব সহজেই প্রতিহত হতো, সেগুলোই মাথাচাড়া দিয়ে ওঠে।
২. ক্ষতস্থান দেরিতে ভালো হওয়া:
টিস্যু গঠনের সঙ্গে ভিটামিন-সি-এর একটি পুরনো যোগসূত্র রয়েছে। শরীরে ভিটামিন-সি-এর অভাব হলে টিস্যু গঠন এবং কোলাজেন তৈরি হতে বেশি সময় লাগে। যে কারণে শরীরের কোনো স্থানে কেটে-ছড়ে গেলে সেই ক্ষতস্থান ভালো হতেও দীর্ঘ সময় প্রয়োজন হয়।
৩. ত্বক শুষ্ক করে তোলা:
আবহাওয়ার মতোই শরীরে ভিটামিন-সি-এর মাত্রার তারতম্যের ওপর ত্বকের আর্দ্রতা ও শুষ্কতা নির্ভর করে। আগেই বলা হয়েছে, ভিটামিন-সি-এর অভাবে কোলাজেন তৈরি হওয়ার মাত্রা হ্রাস পায়। যা সরাসরি ত্বকের ওপর প্রভাব ফেলে। প্রাকৃতিক খাদ্য উপাদান থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-সি শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ত্বককেও ভালো রাখতে সাহায্য করে।
৪. অকারণে ওজন বৃদ্ধি পাওয়া:
ফ্যাট মেটাবলিজমের ওপর ভিটামিন-সি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে ভিটামিন-সি-এর মাত্রা কমে গেলে মেটাবলিজমের হারও হ্রাস পায়। ফলে হঠাৎ করেই ওজন বেড়ে যায় অনেকখানি। এছাড়াও শরীরের ফ্যাটকে অক্সিডাইজ করার ক্ষেত্রেও কাজ করে ভিটামিন-সি। তাই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য শরীরে ভিটামিন-সি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান।
৫. মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলা:
অকারণে মন-মেজাজ খারাপ হচ্ছে? সেক্ষেত্রে জেনে রাখুন ভিটামিন-সি হলো মন ভালো করে দেওয়ার প্রাকৃতিক ওষুধ। এমনকি কিছু ক্ষেত্রে বিষণ্ণতা কমাতেও কাজ করে ভিটামিন-সি। যে কারণে দিনের শুরুতে নাস্তার সঙ্গে একটি কমলালেবু কিংবা লেবুর শরবত পান করে নিতে পারেন।
সুতরাং, শরীরে ভিটামিন-সি-এর অভাব পূরণে নিয়মিত ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও সবজি গ্রহণ করা জরুরি। সচেতন থাকুন এবং এই লক্ষণগুলো দেখলে দ্রুত ব্যবস্থা নিন।