ভাত খেয়েও ওজন কমানো সম্ভব! জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

অনেকেই ওজন বাড়ার ভয়ে ভাত খাওয়া ছেড়ে দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভাতকে আপনার খাদ্যতালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার পছন্দের খাবার ভাত হলেও তা বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব। এর জন্য শুধু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনার নিয়মিত খাবারের তালিকায় ভাত রাখুন, কেবল এই বিষয়গুলো মেনে চললেই আর ওজন কমানো নিয়ে চিন্তা করতে হবে না।
১. পরিমিত খান
প্রতিদিন এক কাপ ভাত খাওয়ার অভ্যাস করুন। অতিরিক্ত না খেয়ে ভাত উপভোগ করার এটি সবচেয়ে সহজ উপায়। ভাত বেশি খেলে তা ওজন বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তাই ভাত পুরোপুরি বাদ না দিয়ে বরং পরিমিত পরিমাণে খান। সেইসঙ্গে অলস জীবনযাপন এড়িয়ে চলুন। এতে ক্যালোরি জমে থাকার ভয় থাকবে না। এতে আপনার পছন্দের খাবার উপভোগ করেও ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
২. রান্নার সঠিক পদ্ধতি বেছে নিন
ফ্রাইড রাইসের পরিবর্তে সেদ্ধ ভাত বা স্টিম রাইস বেছে নিন। বাড়তি সুবিধার জন্য প্রচুর জলে ভাত রান্না করে অতিরিক্ত জল ঝরিয়ে স্টার্চ ছেঁকে নিতে পারেন, যেমনটা সাধারণত আমাদের দেশে রান্না করা হয়। এভাবে রান্না করা হলে বাড়তি ক্যালোরি কম যোগ হবে, তবে পুষ্টিও কিছুটা কমে যেতে পারে।
৩. প্লেটে ভারসাম্য আনুন
থালায় যতটুকু ভাত নেবেন, ততটুকু বা তার থেকে বেশি শাক-সবজি, ডিম, মাছ, মুরগি কিংবা ডাল নিন। অনেকে কেবল সামান্য তরকারি বা ভর্তা দিয়ে গোটা দুই থালা ভাত খেয়ে নেন। এমনটা করবেন না। সুষম খাবার কেবল পুষ্টিকরই নয়, বরং আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরাতেও সাহায্য করবে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যাবে।
৪. ফাইবার এবং প্রোটিন যোগ করুন
ভাতের সঙ্গে উচ্চ ফাইবারযুক্ত সবজি বা চর্বিহীন প্রোটিন মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনাকে তৃপ্ত রাখবে এবং পরে অযথা খাবার খাওয়া থেকে বিরত রাখবে। তবে খেয়াল রাখবেন, কখনোই অতিরিক্ত খাবেন না। অতিরিক্ত যেকোনো খাবারই শরীরের জন্য ক্ষতিকর।
তাহলে আর দেরি কেন? এই টিপসগুলো মেনে চলুন এবং আপনার পছন্দের ভাতকে রেখেই স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর পথে এগিয়ে যান!