ভরপেট খেয়েও গ্যাসের অস্বস্তি? এই ৩ পানীয়তেই মিলবে আরাম!

সঠিক সময়ে বাড়ির খাবার খাচ্ছেন, তবুও অনেকেরই মাথা ব্যথা, পেটে হালকা ব্যথা ও বমি বমি ভাবের মতো গ্যাসের লক্ষণ দেখা দেয়। সাধারণত দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে বা বাইরের খাবার খেলে গ্যাস-অম্বলের সমস্যা হয়। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, বেশি ফাইবার, চর্বি বা অতিরিক্ত লবণযুক্ত খাবার খেলেও পেটে গ্যাস হতে পারে। এমনকি দুগ্ধজাত খাবার, গ্লুটেন বা ফ্রুক্টোজযুক্ত খাবারও গ্যাসের কারণ হতে পারে।
খাওয়ার পর যদি প্রায়শই গ্যাসের সমস্যা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে তাৎক্ষণিক স্বস্তি পেতে সাহায্য করতে পারে কয়েকটি বিশেষ পানীয়। ভরপেট খেয়ে ওঠার পর গ্যাসের অস্বস্তি হলে কোন পানীয়গুলো পান করবেন, তা জেনে নিন:
১. শসার শরবত:
পেটের স্বাস্থ্য ভালো রাখতে শসার উপকারিতা অনেক। গ্যাস হলে তা দ্রুত কমাতে শসা দারুণ কাজ করে। এই শরবত বানানোর পদ্ধতিও বেশ সহজ। দুই টেবিল চামচ দই, কয়েকটি পুদিনা পাতা, সামান্য আদা কুচি, এক চামচ মৌরি এবং অল্প জল একসঙ্গে মিশিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন। এই জাদু পানীয়টি নিমেষেই গ্যাসের অস্বস্তি কমাতে সাহায্য করবে।
২. তরমুজের শরবত:
অনেকেরই ধারণা তরমুজ খেলে পেট ভার হয়। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, তরমুজে জলের পরিমাণ অনেক বেশি, তাই পেট ভার হওয়ার কোনো আশঙ্কা নেই। গ্যাসের সমস্যা দূর করতে তরমুজের শরবতের উপর ভরসা রাখতে পারেন। কয়েকটি টুকরো তরমুজ, সামান্য আনারস, কয়েক টুকরো শসা এবং এক পাতলা টুকরো আদা একসঙ্গে ব্লেন্ড করে একটি পানীয় তৈরি করে নিন। এটি দ্রুত গ্যাসের অস্বস্তি কমাতে সাহায্য করবে।
৩. আদা চা:
শরীর সুস্থ রাখতে আদার গুণাগুণ অপরিহার্য। ঠাণ্ডা লাগা থেকে শুরু করে গ্যাসের সমস্যা—সবকিছুতেই আদা দারুণ কাজ করে। গ্যাসের সমস্যা কমাতে এই পানীয়ের উপর ভরসা রাখতে পারেন। এটি তৈরি করাও খুব সহজ। এক চা চামচ মৌরি, এক চা চামচ জিরা, এক চিমটে হলুদ, দুইটি লবঙ্গ এবং অবশ্যই সামান্য আদা একসঙ্গে ফুটিয়ে নিন। একটু ঠান্ডা হলে পান করুন। এটি গ্যাসের অস্বস্তি কমাতে সহায়ক হবে।
গ্যাসের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে এই পানীয়গুলো ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহার করতে পারেন। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।