বাসি রুটি দিয়েই ফিরিয়ে আনুন ত্বকের হারানো ঔজ্জ্বল্য, জানুন সহজ উপায়

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে আমরা কমবেশি সকলেই যত্ন নিয়ে থাকি। তবে দূষণ, ধুলোবালি এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারাতে পারে। এই সমস্যার সমাধানে এবার একটি সহজ এবং পরিচিত উপাদান ব্যবহার করার কথা জানাচ্ছে ইন্ডিয়ান টাইমস। আর সেই উপাদানটি হল— বাসি রুটি। হ্যাঁ, আগের দিনের বেঁচে যাওয়া রুটি ব্যবহার করেই আপনি আপনার ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরে পেতে পারেন এবং ত্বককে ময়েশ্চারাইজ করতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাতের বেঁচে যাওয়া রুটি প্রথমে মিক্সিতে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। এরপর সেই গুঁড়োর সঙ্গে গোলাপ জল, দুধের সর এবং সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
তৈরি করা মিশ্রণটি আঙুলের সাহায্যে আপনার ত্বকে লাগান এবং আলতোভাবে ১০ মিনিট মাসাজ করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর আপনার প্রতিদিনের ব্যবহার করা ময়েশ্চারাইজার সামান্য পরিমাণে মেখে নিন।
এই ফেসপ্যাকের উপাদানগুলির বিশেষ গুণাগুণ রয়েছে। হলুদ তার অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যা ত্বকের ছিদ্র থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। গোলাপ জল ত্বককে মসৃণ করে তোলে। অন্যদিকে, রুটির মিহি গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলতে সাহায্য করে।
ত্বকের যত্নে আগ্রহী হলে সপ্তাহে একবার এই ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে দেখতে পারেন। এটি ত্বকের স্বাভাবিক উন্নতি সাধনের একটি অত্যন্ত সহজ উপায়।