বাতিল নয়, দাগ তুলেই প্রিয় জামা হোক নতুন! রইল ঘরোয়া টিপস

অধিকাংশেরই আলমারিতে এমন অনেক পছন্দের পোশাক থাকে, যা সামান্য দাগ লাগার কারণে ব্যবহার করা যায় না। অথচ একটু চেষ্টা করলেই এই দাগ দূর করে জামাটিকে ফের নতুন করে তোলা সম্ভব। তাই পছন্দের পোশাকটিকে বাতিল করার আগে, একবার দাগ তোলার কয়েকটি সহজ ঘরোয়া টিপস ব্যবহার করে দেখুন।
জেনে নিন জামাকাপড়ের বিভিন্ন ধরনের দাগ তোলার সহজ উপায়:
১) পেনের কালির দাগ: জামাকাপড়ে পেনের কালির দাগ লাগা খুবই সাধারণ ঘটনা। এই দাগ তোলার জন্য প্রথমে দাগের উপর ২-৩ ফোঁটা হ্যান্ড স্যানিটাইজার লাগান। এরপর একটি পাত্রে বেকিং পাউডার ও জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পুরনো টুথব্রাশের সাহায্যে এই পেস্টটি আলতো করে কালির দাগের উপর লাগান। ১৫ মিনিট পর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
২) সসের দাগ: জামায় সসের দাগ লাগলে তা তোলার জন্য ভিনিগার একটি সহজ সমাধান। দাগের উপর অল্প সাদা ভিনিগার ঢেলে কিছুক্ষণ রেখে দিন। এরপর দাগের অংশটি হালকাভাবে ঘষে নিন এবং পরে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
৩) রংয়ের দাগ: জামাকাপড়ে রংয়ের দাগ লাগলে তা দ্রুত তোলার চেষ্টা করুন। অ্যালকোহল বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এই দাগ সহজে তোলা যায়। তবে রং পুরোনো হয়ে গেলে বা শুকিয়ে গেলে তা তোলা বেশ কঠিন হতে পারে। তাই দাগ লাগার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করার চেষ্টা করুন।
৪) রক্তের দাগ: রক্তের দাগ তোলার জন্য লবণ একটি দারুণ উপায়। জামার যে অংশে রক্তের দাগ লেগেছে, সেখানে সামান্য লবণ দিয়ে হালকা করে ঘষুন। দাগ উঠে যাবে।
৫) চুইনগামের দাগ: পোশাক থেকে চুইনগামের দাগ তুলতে বরফের টুকরো ব্যবহার করুন। চুইনগামের উপর বরফ ভালোভাবে ঘষুন। ১০ মিনিট পর চুইনগাম শক্ত হয়ে গেলে ভোঁতা কিছু দিয়ে জায়গাটি ঘষে তুলে ফেলুন। যদি দাগ তখনও থাকে, তবে ওই জায়গায় সামান্য ভিনিগার স্প্রে করতে পারেন।
৬) কাদার দাগ: কাদার কঠিন দাগ তোলার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ব্লিচিং পাউডার কাপড়ের রং নষ্ট করে দিতে পারে। এক বাটি জলে ১ চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে দাগের উপর লাগান। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন। হালকা রঙের কাপড়ের জন্য এই পদ্ধতি বেশি উপযোগী।
৭) আইসক্রিমের দাগ: আইসক্রিমের দাগ তোলার জন্য লেবুর রস ব্যবহার করা যেতে পারে। দাগ লাগা অংশে সামান্য লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর সাধারণ ভাবে ধুয়ে ফেলুন, দাগ উঠে যাবে।
এই সহজ ঘরোয়া টিপসগুলি ব্যবহার করে আপনি আপনার পছন্দের দাগ লাগা জামাকাপড়গুলিকে সহজেই নতুন করে তুলতে পারেন। জামা বাতিল করার আগে, একবার এই পদ্ধতিগুলি ব্যবহার করে দেখুন, আশা করি ফল পাবেন!