বর্ষায় মশার উপদ্রব: শিশুদের সুরক্ষায় বিশেষ সতর্কতা

বর্ষাকাল মানেই চারদিকে সবুজের সমারোহ, তবে এই মনোরম পরিবেশের সঙ্গে বাড়ে মশার উপদ্রব। এই সময় মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার ঝুঁকিও অনেক বেড়ে যায়। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য এই সময়টা বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। রাজধানীতে ইতিমধ্যেই ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ায়, শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মশার মরসুমে ছোট-বড় সকলেরই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি।
তবে শিশুদের ক্ষেত্রে মশার কামড় একটি বিশেষ উদ্বেগের বিষয়। তাদের কোমল ত্বক মশার কামড়ে খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয় এবং চুলকানি ও ব্যথায় তারা অতিষ্ঠ হয়ে ওঠে। বড়দের তুলনায় তাদের সহ্যক্ষমতাও অনেক কম থাকে।
যদি কোনো কারণে আপনার শিশুকে মশা কামড়ায়, তবে তার অস্বস্তি কমাতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। জেনে নিন সেই উপায়গুলো:
খাবার সোডা ও জল: সামান্য খাবার সোডার সঙ্গে জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মশার কামড়ের জায়গায় লাগিয়ে দিলে চুলকানি এবং জ্বালাভাব কম হতে পারে।
বরফের টুকরো: মশার কামড়ের স্থানে তীব্র চুলকানি হলে, একটি পরিষ্কার কাপড়ে বরফের টুকরো মুড়ে হালকাভাবে মালিশ করতে পারেন। এতে সাময়িক আরাম পাওয়া যায়।
অ্যালোভেরা: অ্যালোভেরা গাছের শাঁস ত্বকের জন্য খুবই উপকারী। মশার কামড়ের স্থানে অ্যালোভেরার শাঁস লাগালে জ্বালাপোড়া এবং লালচে ভাব কমাতে সাহায্য করে।
তবে এই সময়ে শিশুদের ত্বকে কোনো প্রকার মলম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু ক্যালামাইন এবং প্র্যামকসিন সমৃদ্ধ মলম মশার কামড়ের ব্যথা ও চুলকানি কমাতে সাহায্য করলেও, অ্যানাস্থেটিক ও অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদানযুক্ত মলম শিশুদের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এই ধরনের মলম ব্যবহারের আগে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
বর্ষাকালে মশার উপদ্রব থেকে বাঁচতে সচেতনতাই প্রধান হাতিয়ার। তাই বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, জমা জল এড়িয়ে চলুন এবং শিশুদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।