বড় খিদের ছোট সমাধান ডিম, কেনার আগে যাচাই করুন পচা কি না

বড় খিদে পেলে চটজলদি কিছু বানানোর কথা ভাবলে ডিমের কথা মাথায় আসে। ঘরে ডিম থাকলে সকালের জলখাবার হোক কিংবা রাতের হালকা আহার, কোনো না কোনো ব্যবস্থা হয়েই যায়। শুধু তাই নয়, ডিম দিয়ে তৈরি করা যায় হরেক রকমের সুস্বাদু পদ। ডিমের স্বাস্থ্য উপকারিতাও অনেক। এটি শরীরে প্রোটিনের চাহিদাও দ্রুত পূরণ করে।

এই কারণে কমবেশি সকলেই বাড়িতে বেশি করে ডিম কিনে মজুত রাখেন। তবে অনেক সময় দেখা যায়, এক ট্রে ডিমের মধ্যে বেশ কয়েকটি পচা ডিম বেরিয়ে যায়। রান্না করতে গিয়ে অথবা সেদ্ধ করার সময় পচা ডিম দেখলে বিরক্তির শেষ থাকে না। তাই বাজার থেকে ডিম কিনে আনার পরে ফ্রিজে রাখার আগেই কয়েকটি সহজ উপায়ে যাচাই করে নেওয়া যাক ডিমটি আসলে ভালো আছে নাকি পচে গেছে।

প্রথমত, একটি বড় পাত্রে জল নিয়ে ডিমগুলো ডুবিয়ে দিন। যদি ডিম ভালো হয়, তবে সেটি পাত্রের তলায় ডুবে যাবে। আর যদি ডিম পচা হয়, তাহলে তা জলের উপরে ভাসতে শুরু করবে। এটি ডিম পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায়।

দ্বিতীয়ত, ডিম ঝাঁকিয়েও পরীক্ষা করা যেতে পারে। একটি একটি করে ডিম নিয়ে কানের কাছে ধরে ঝাঁকান। যদি ভালো ডিম হয়, তাহলে কোনো শব্দ শোনা যাবে না। কিন্তু যদি ডিমের ভেতর ঢক ঢক আওয়াজ পান, তাহলে বুঝবেন ডিমটি নষ্ট হয়ে গেছে।

তৃতীয়ত, ডিম আলোর সামনে ধরলে ভেতরের অবস্থা কিছুটা আঁচ করা যায়। যদি ডিমের ভেতরে রিং-এর মতো কোনো আকার দেখতে পান, তাহলে বুঝতে হবে ডিমে পচন ধরতে শুরু করেছে। এছাড়াও, ডিমের ভিতরে যদি কোনো কালচে দাগ চোখে পড়ে, তবে সেই ডিমটিও ব্যবহার না করাই ভালো।

চতুর্থত, অমলেট বানানোর জন্য ডিম ফাটালে ভালোভাবে লক্ষ্য করুন। যদি ডিমের কুসুম ঘন থাকে এবং সহজে না মেশে, তাহলে বুঝবেন ডিমটি ভালো আছে। কিন্তু যদি কুসুম ফেটে গিয়ে ছড়িয়ে যায়, তাহলে সেই ডিমটি নষ্ট।

সবশেষে, ডিমের গন্ধ শুঁকেও পচা ডিম চেনা যায় খুব সহজেই। সাধারণভাবে নষ্ট ডিম থেকে একটি তীব্র ও বিশ্রী গন্ধ বের হয়, যা সহজেই বোঝা যায়।

তাই ডিম কেনার পরে এবং রান্নার আগে এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি সহজেই পচা ডিম চিনে নিতে পারবেন এবং অপ্রত্যাশিত বিরক্তি এড়াতে পারবেন।