বই পড়ার অভ্যাস দীর্ঘায়ু দিতে পারে, বলছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা

যদি আপনার নিয়মিত বই পড়ার অভ্যাস থাকে, তাহলে যারা আদৌ বই পড়েন না, তাদের চেয়ে সম্ভবত আপনি বেশিদিন বাঁচবেন। আকাশকুসুম কল্পনা বলে বিষয়টাকে উড়িয়ে দেবেন না, এমনটাই প্রকাশিত হয়েছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি সমীক্ষায়।

প্রায় সাড়ে তিন হাজার মানুষ যোগ দিয়েছিলেন এই সমীক্ষায় এবং তাদের তিনটি ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল – প্রথম দলে যারা ছিলেন তারা মোটেই কোনো বই পড়েন না, দ্বিতীয়টিতে যাদের রাখা হয়েছিল তারা প্রতি সপ্তাহে গড়ে সাড়ে তিন ঘণ্টা ব্যয় করেন বই পড়ে। তিন নম্বর গ্রুপে যারা ছিলেন তারা প্রতি সপ্তাহে সাড়ে তিন ঘণ্টার চেয়ে বেশি সময় বই পড়ার জন্য বরাদ্দ রাখেন।

সমীক্ষায় দেখা গিয়েছে, যারা পড়ুয়া, তাদের সিংহভাগই মহিলা। এঁরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত, সারা জীবন বেশ ভালোই রোজগারও করেছেন, উপভোগ করেছেন আর্থিক স্বাচ্ছল্য। বয়স, স্বাস্থ্য, ডিপ্রেশনের মতো ক্রনিক মানসিক সমস্যা, চাকরি, বৈবাহিক শান্তি ইত্যাদির মতো বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে সমীক্ষাটি করা হয়েছিল। পরের ১২ বছর নিয়মিত ফলো-আপ চালিয়ে যাওয়া হয়েছে। দেখা গিয়েছে, প্রথম দলের চেয়ে দ্বিতীয় দলের মানুষের মৃত্যুর হার অন্ততপক্ষে ১৭ শতাংশ কমেছে, আর তিন নম্বর দলের ক্ষেত্রে তা কমে গিয়েছে ২৩ শতাংশ! দেখা গিয়েছে যারা মোটেই বই পড়েন না, তাদের চেয়ে পড়ুয়াদের গড় আয়ু অন্তত দু’ বছর বেশি।

যারা বইপত্র না পড়ে ম্যাগাজিন আর খবরের কাগজ পড়েন প্রতিদিন, তাদের ক্ষেত্রেও এই নিয়মগুলি খাটে। তবে বই পড়ার ক্ষেত্রে ফারাকটা পরিষ্কার বোঝা যায়।

ইয়েলের অধ্যাপক ও গবেষণার সঙ্গে যুক্ত বেক্কা আর লেভি ‘সোশাল সায়েন্স অ্যান্ড মেডিসিন’ জার্নালে প্রকাশিত এই সমীক্ষার ফলাফলে লিখেছেন, ‘দিনে আধ ঘণ্টা বই পড়লেও জীবৎকাল বাড়ে।’ যারা বইপত্র পড়তে ভালোবাসেন, তারা নিঃসন্দেহে খুব উল্লসিত এ খবরে!