প্রতিদিন দাড়ি কাটা কি ত্বকের জন্য ক্ষতিকর? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

অনেক পুরুষেরই প্রতিদিন দাড়ি শেভ করার অভ্যাস থাকে। কেউ প্রয়োজনে, কেউবা শখ বা অভ্যাসের কারণে নিয়মিত দাড়ি কেটে থাকেন। বিশেষ করে যারা অফিসে যান, তাদের জন্য এটি যেন এক দৈনন্দিন রুটিন। কিন্তু এই অভ্যাসটি ত্বকের স্বাস্থ্যের জন্য কতটা ভালো? সম্প্রতি ‘হেলথলাইন’ জার্নালে প্রকাশিত বিশেষজ্ঞদের মতামত এই বিষয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা যা বলছেন
‘হেলথলাইন’ জার্নালে প্রকাশিত মতামত অনুসারে, বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন যে প্রতিদিন দাড়ি শেভ করা ত্বকের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। যদিও প্রতিদিন দাড়ি ছাড়া পরিষ্কার চেহারা দেখতে ভালো লাগতে পারে, কিন্তু এর কিছু নেতিবাচক দিক রয়েছে।

কেন প্রতিদিন শেভ করা উচিত নয়?
চিকিৎসকদের মতে, প্রতিদিন দাড়ি শেভ করলে লোমকূপের গোড়াগুলো উন্মুক্ত হয়ে যায়। ফলে সেখানে বিভিন্ন জীবাণু বাসা বাঁধতে পারে এবং সংক্রমণ ঘটাতে পারে। দাড়ি না কাটলে ক্রমশ উন্মুক্ত লোমকূপের গোড়াগুলো বন্ধ হয়ে আসে এবং জীবাণুগুলোও মরে যায়। কিন্তু প্রতিদিন দাড়ি শেভ করার কারণে গোড়াগুলো বন্ধ হতে পারে না, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে।

প্রতিদিন দাড়ি কাটানোর কুফল
চিকিৎসকদের দাবি, ত্বকের সাধারণ সংক্রমণ যেমন ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানি, জ্বালা ইত্যাদি সমস্যা নিয়মিত দাড়ি শেভ করার কারণেই দেখা দিতে শুরু করে। যদি এই অবস্থা দীর্ঘ দিন ধরে চলতে থাকে, তবে তা বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

তাহলে কতদিন পর পর শেভ করা উচিত?
চিকিৎসকদের মতে, ১-২ দিন অন্তর দাড়ি শেভ করা ভালো। এতে ত্বক কিছুটা বিশ্রাম পায় এবং লোমকূপগুলো সুরক্ষিত থাকে। দাড়ি শেভ করার আগের রাতে ত্বকে অল্প ক্রিম লাগাতে পারেন। শেভ করার সময় ভালো করে জেল বা শেভিং ক্রিম ব্যবহার করলে সংক্রমণের আশঙ্কা কিছুটা কমে যায়।