পেঁয়াজের খোসাও ফেলনা নয়! জানুন এর আশ্চর্য গুণাগুণ

আমিষ রান্নার স্বাদ বৃদ্ধিতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। পেঁয়াজ ছাড়া যেন অনেক রান্নাই পানসে লাগে। শুধু রান্নাতেই নয়, গরম ভাতের সাথে কাঁচা পেঁয়াজের স্বাদও অনেকের কাছে প্রিয়। তবে শুধু পেঁয়াজ নয়, এর খোসাও যে কত উপকারি, তা হয়তো অনেকেরই অজানা। সাধারণত পেঁয়াজ কাটার পর খোসাগুলো সরাসরি চলে যায় আবর্জনার পাত্রে। কিন্তু এই ফেলনা খোসারও যে কত গুণাগুণ রয়েছে, আসুন জেনে নেওয়া যাক:
চুলের যত্নে প্রাকৃতিক রং: দুই-তিনটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন। একটি লোহার কড়াই গরম করে তাতে খোসাগুলো দিয়ে দিন। খোসা পুড়ে কালো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এরপর পোড়া খোসাগুলো ভালোভাবে পিষে মিহি গুঁড়ো করে নিন। এই পাউডার অ্যালোভেরা জেল বা হেয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। এটি চুলের প্রাকৃতিক রং হিসাবে দারুণ কাজ করে। তবে কয়েকবার শ্যাম্পু করার পর এই রং হালকা হয়ে যেতে পারে।
রান্নার স্বাদ বাড়াতে: পেঁয়াজের খোসা খাবারকে আরও সুস্বাদু করে তুলতে পারে। স্যুপ, স্ট্যু এবং অন্যান্য রান্নায় শুকনো বা ভাজা পেঁয়াজের খোসার গুঁড়ো মেশালে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়।
ব্যথা নিরাময়ে: শরীরে ব্যথা কিংবা পেশীতে টান বা ব্যথা কমাতে পেঁয়াজের খোসার চা পান করতে পারেন। এক কাপ জলে কয়েকটি পেঁয়াজের খোসা সেদ্ধ করে নিন এবং পান করুন। স্বাদের জন্য এর সাথে সামান্য মধু মেশানো যেতে পারে।
ভালো ঘুমের জন্য: পেঁয়াজের খোসার চা শুধু ব্যথাই কমায় না, এটি ভালো ঘুম এনে দিতেও সাহায্য করে। এছাড়াও, স্নায়ুর সমস্যা নিরাময়েও এই চা বেশ উপকারী।
চুলের সমস্যা সমাধানে: আপনার চুল কি রুক্ষ, শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়েছে? অতিরিক্ত চুল ঝরছে? তাহলে পেঁয়াজের খোসা দিয়ে তৈরি হেয়ার টোনার ব্যবহার করতে পারেন। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার রয়েছে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে। কয়েকটি পেঁয়াজের খোসা জলে সেদ্ধ করুন। জল ফুটতে ফুটতে যখন বাদামী রঙ ধারণ করবে, তখন গ্যাস বন্ধ করে দিন এবং জল ঠান্ডা হতে দিন। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে আপনার চুল ও স্ক্যাল্পে ব্যবহার করুন।
গাছের জন্য প্রাকৃতিক সার: একটি পাত্রে প্রতিদিন পেঁয়াজের খোসা জমা করতে থাকুন। প্রাকৃতিকভাবে এই খোসা পচে গিয়ে উৎকৃষ্ট মানের সারে পরিণত হবে। ঘরে তৈরি এই জৈব সার আপনার গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।
সুতরাং, এরপর থেকে পেঁয়াজের খোসা ফেলে দেওয়ার আগে দুবার ভাবুন। সামান্য সচেতনতা এবং সঠিক ব্যবহারের মাধ্যমে এই ফেলনা জিনিসটিও আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগতে পারে।