পুষ্টিগুণে ভরপুর পুঁইশাক: স্বাস্থ্য সুরক্ষায় অপরিহার্য

পুঁইশাক আমাদের দেশের একটি জনপ্রিয়, সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর শাক। প্রায় সারা বছরই সবজির বাজারে এর দেখা মেলে। সবুজ ও লাল রঙের এই সহজলভ্য শাকটি নানাভাবে রান্না বা ভাজি করে খাওয়া যায়। ইলিশ ও চিংড়ির সাথে পুঁইশাকের তরকারি অনেকের কাছেই অত্যন্ত প্রিয়। সহজলভ্যতার পাশাপাশি এর পুষ্টিগুণের কারণেও পুঁইশাক সকলের কাছে সমাদৃত।

পুঁইশাকে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘এ’ এর পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন বিদ্যমান। বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে যেমন বহু রোগ প্রতিরোধে সহায়ক, তেমনি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আসুন, পুঁইশাকের কিছু উল্লেখযোগ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক:

১. কোষ্ঠকাঠিন্য দূর করে: প্রবাদেই আছে, “শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই”। স্বাস্থ্য সুরক্ষায় পুঁইশাকের অনেক পুষ্টিগুণ রয়েছে। এতে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে।

২. চোখের জ্যোতি ও ত্বকের সুরক্ষায়: পুঁইশাকে বিদ্যমান ভিটামিন এ এবং সি ত্বকের রোগজীবাণু ধ্বংস করে, শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং চুলকে মজবুত রাখে।

৩. পাইলস প্রতিরোধে সহায়ক: নিয়মিত পুঁইশাক খেলে পাইলস, ফিস্টুলা ও হেমোরয়েডের মতো রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

৪. ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে: পুঁইশাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৫. ব্রণের সমস্যা কমায়: যারা ব্রণের সমস্যায় ভুগছেন, তাদের জন্য পুঁইশাক অত্যন্ত উপকারী।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: উচ্চমাত্রার পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় পুঁইশাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৭. হজমক্ষমতা বাড়ায়: পুঁইশাক দেহ থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে, ফলে বদহজম, গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা দূর হয়।

৮. প্রদাহ কমায়: পুঁইশাকে অ্যান্টি-ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। শরীরের কোনো অংশে আঘাত লেগে ফুলে গেলে পুঁইশাকের শিকড় বেটে লাগালে দ্রুত আরাম পাওয়া যায়।

৯. সংক্রমণ প্রতিরোধ করে: পুঁইশাক শরীরে খোসপাঁচড়া বা ফোড়ার মতো অনাকাঙ্ক্ষিত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

১০. মাথাব্যথা কমায়: হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করতে পুঁইশাকের জুড়ি নেই। যাদের প্রায় প্রতিদিনই মাথাব্যথা থাকে, নিয়মিত পুঁইশাক খেলে তারা দ্রুত উপকার পেতে পারেন।

পরিশেষে বলা যায়, পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাদ্যতালিকায় পুঁইশাক অন্তর্ভুক্ত করা উচিত। এর অসাধারণ পুষ্টিগুণ আমাদের শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সহায়ক।