পার্লারে হেয়ার ট্রিটমেন্টেও হতে পারে স্ট্রোক! জানুন বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম

চুলের সৌন্দর্য বাড়াতে কমবেশি সব মহিলাই নিয়মিত পার্লারে যান। কিন্তু সম্প্রতি একটি উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। পার্লারে হেয়ার ট্রিটমেন্ট করতে গিয়েও হতে পারে স্ট্রোক!
বিশেষজ্ঞদের মতে, পার্লারের চুল ধোয়ার বেসিনে দীর্ঘক্ষণ মাথা রেখে স্পা করানোর ফলে শুধু অস্বস্তিই নয়, ঘাড়ের হাইপার এক্সটেনশনের কারণে মারাত্মক স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই অবস্থাকে বলা হয় ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।
সম্প্রতি ভারতে ৫০ বছর বয়সী এক নারী বিউটি পার্লারে চুল ধোয়ার সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। হায়দ্রাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার এই ঘটনাটি টুইটারে শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন।
মাথা ধোয়ার সময় কীভাবে স্ট্রোক হতে পারে?
বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, চুল ধোয়ার জন্য যখন দীর্ঘক্ষণ মাথা পেছন দিকে হেলিয়ে রাখা হয়, তখন ঘাড়ের হাইপার এক্সটেনশন মস্তিষ্কে অক্সিজেনের স্বাভাবিক সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে।
ডা. কুমার উল্লেখ করেছেন, হাইপার এক্সটেনশনের সময় মেরুদণ্ডের ধমনী (যে ধমনীগুলো মস্তিষ্ক ও মেরুদণ্ডে রক্ত সরবরাহ করে) সংকুচিত হতে পারে এবং ঘাড় ওয়াশ-বেসিনের দিকে ঘোরানোর ফলে সিন্ড্রোম দেখা দিতে পারে। এর ফলে রক্তনালি ছিঁড়ে যেতে পারে এবং রক্ত জমাট বাঁধতে পারে, যা শেষ পর্যন্ত স্ট্রোকের কারণ হতে পারে।
প্রাথমিক সতর্কতা লক্ষণগুলো কী কী?
ডা. কুমার জানিয়েছেন, মৃত ওই নারী চুল ধোয়ার সময় মাথা ঘোরা, বমি বমি ভাব এবং বমি হওয়ার মতো লক্ষণ অনুভব করেছিলেন।
ক্যালিফোর্নিয়ার প্রোভিডেন্স সেন্ট জনস হেলথ সেন্টারের স্নায়ু বিশেষজ্ঞ ক্লিফোর্ড সেগিলের মতে, বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমের প্রাথমিক সতর্কতা লক্ষণগুলো সাধারণ স্ট্রোকের থেকে কিছুটা ভিন্ন হতে পারে।
অন্যান্য প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে – হাতে অস্থিরতা, তীব্র মাথাব্যথা, দৃষ্টিশক্তির আংশিক হ্রাস বা ঝাপসা দেখা, ঘাড় ফুলে যাওয়া এবং স্বাদের পরিবর্তন।
এছাড়াও, অসাড়তা, শরীরের ভারসাম্য হারানো, অস্পষ্ট কথাবার্তা, দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়া এবং আচরণের আকস্মিক পরিবর্তনও এই সিন্ড্রোমের লক্ষণ হতে পারে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলজির সহযোগী অধ্যাপক এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের নিউরোলজির ভাইস চেয়ার অনীশ সিংগাল জানিয়েছেন, এই ধরনের স্ট্রোক শুধু পার্লারেই নয়, দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার সময়, টেনিস খেলা এমনকি যোগব্যায়ামের কারণেও হতে পারে, যেখানে ঘাড় দীর্ঘক্ষণ ধরে অস্বাভাবিক অবস্থানে থাকে।
চিকিৎসকদের মতে, যাদের সংযোজক টিস্যুর রোগ বা অন্য কোনো অন্তর্নিহিত দুর্বলতা রয়েছে, তাদের মধ্যে এই সিন্ড্রোম বেশি দেখা যায়।
তাহলে কি পার্লারে মাথা ধোয়া বন্ধ করা উচিত?
ডা. কুমার তার টুইটের উপসংহারে বলেছেন, ‘ভার্টিব্রো-বেসিলার ধমনী অঞ্চলকে প্রভাবিত করে স্ট্রোক একটি বিউটি পার্লারে শ্যাম্পু করার সময় ঘটতে পারে।’
সিংগাল পরামর্শ দিয়েছেন, নিয়মিত সেলুন হেয়ার স্পা না করার মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানো যেতে পারে। এছাড়াও, এমন কার্যকলাপ এড়িয়ে চলা উচিত যেখানে দীর্ঘ সময়ের জন্য (১০-১৫ মিনিট) ঘাড় পেছন দিকে হেলিয়ে রাখতে হয়। এই চিকিৎসক সকলকে সতর্ক করে বলেছেন, চুল ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ঘাড় সোজা থাকে। সামান্য সতর্কতা অবলম্বন করলেই এই ধরনের মারাত্মক ঝুঁকি এড়ানো সম্ভব।