নেতিবাচক চিন্তায় জেরবার? হতে পারে ভিটামিন বি১২-এর অভাব!

চারপাশে তাকালে আমরা বিভিন্ন মানসিকতার মানুষের দেখা পাই। তাঁদের মধ্যে অনেকেই আছেন যারা প্রায়শই নেতিবাচক চিন্তাভাবনায় আচ্ছন্ন থাকেন। ঘন ঘন দুশ্চিন্তা যেন তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে। আপনিও কি এই ধরনের লক্ষণ অনুভব করছেন? কোনো মানসিক সমস্যার কারণে এমন হচ্ছে বলে মনে করছেন? তবে জেনে অবাক হবেন, একটি বিশেষ ভিটামিনের অভাবও কিন্তু এই সমস্যার কারণ হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি১২ এবং অন্যান্য বি গ্রুপের ভিটামিন আমাদের মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে এই ভিটামিনগুলির ঘাটতি দেখা দিলে ঘন ঘন মেজাজ পরিবর্তন, মন খারাপ থাকা এবং মানসিক স্বচ্ছতার অভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। এর ফলে অনেক সময় সঠিক চিন্তাভাবনা করতেও অসুবিধা হয়।
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, এই সময়েই মনে অপ্রয়োজনীয়, নেতিবাচক এবং বিরক্তিকর চিন্তাভাবনার আনাগোনা শুরু হয়। তবে ভিটামিন বি১২-এর অভাব পূরণের জন্য সবসময় সাপ্লিমেন্ট গ্রহণের প্রয়োজন নাও হতে পারে। কিছু পরিচিত খাবারের মাধ্যমেও এই সমস্যার সমাধান করা সম্ভব। মাছ, মুরগির মাংস, ডিম এবং দুগ্ধজাত খাবার নিয়মিত খেলে শরীরে ভিটামিন বি১২-এর সঠিক জোগান বজায় থাকে।
ভিটামিন বি গ্রুপের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিটামিনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল — ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন বি৩ এবং ভিটামিন বি৬। মাছ, মাংস ও ডিম এই ভিটামিনগুলির অন্যতম সেরা উৎস। মূলত প্রোটিন সমৃদ্ধ খাবারেই এই ভিটামিনগুলি বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও, সবুজ শাকসবজি ও বিভিন্ন ফলও ভিটামিন বি-এর ভালো উৎস। বাদামের মধ্যেও ভিটামিন বি বিদ্যমান।
পাঠকদের জন্য জরুরি বার্তা: এই প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এখানে উল্লিখিত তথ্যের ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসক বা পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসা বা সমস্যার সমাধানে সর্বদা বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা উচিত।