নখের সাধারণ পরিবর্তনও হতে পারে ভয়ঙ্কর রোগের ইঙ্গিত!

আমাদের নখে প্রায়শই বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। নখের রঙ বদলানো, ভেঙে যাওয়া, উপরের স্তর শুষ্ক হয়ে যাওয়া অথবা নখের কোনো অংশে উঁচুনিচু ভাব দেখা দেওয়া – এগুলো খুবই সাধারণ ঘটনা।
সাধারণত নখের এই পরিবর্তনগুলোতে কোনো রকম ব্যথা না থাকায় আমরা তেমন একটা গুরুত্ব দিই না। তবে ইন্ডিয়ান ডার্মাটোলজি অনলাইন জার্নালের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, নখের এই সাধারণ পরিবর্তনগুলোই রক্তস্বল্পতা, রিউমেটিক আর্থ্রাইটিস এবং হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার পূর্বাভাস দিতে পারে।
নখের উপরিভাগে এমন উঁচুনিচু হয়ে যাওয়ার পরিবর্তনটি অনেক সময় খালি চোখে ধরা পড়ে না। তবে নখের উপর আঙুল বোলালে এই অমসৃণতা ভালোভাবে অনুভব করা যায়। এই ধরনের উঁচুনিচু ভাবকে বলা হয় বিয়ায়ুস লাইনস (Beau’s lines)। চিকিৎসকদের মতে, এই পরিবর্তনটি সাধারণত কোনো রোগের লক্ষণ হিসেবে অথবা ভালো হয়ে যাওয়া কোনো রোগের অবশিষ্ট অবস্থা প্রকাশ করে থাকে।
ক্যালিফোর্নিয়ার বোর্ড সার্টিফায়েড ডার্মাটোলজিস্ট আইভি লি, এমডি জানিয়েছেন, অন্তত ২০ শতাংশ প্রাপ্তবয়স্কের নখে এই ধরনের উঁচুনিচু ভাব দেখা যায়। কিছু ক্ষেত্রে এটি বয়স বৃদ্ধির স্বাভাবিক লক্ষণ হিসেবেও দেখা দিতে পারে।
মূলত আমাদের নখ কেরাটিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে গঠিত। এই একই কেরাটিন চুল ও নখের উপরের স্তরেও পাওয়া যায়। এর ফলে অনেক সময় একই কারণে চুল ও নখ শুষ্ক হয়ে ওঠে।
তবে নখের উঁচুনিচু ভাব দেখা দেওয়ার প্রধান কারণ হলো নখের বৃদ্ধিজনিত সমস্যা, এমনটাই মত আইভি লির। এছাড়াও, অনেক সময় চর্মরোগ জনিত কারণেও এই সমস্যা দেখা দিতে পারে।
যদিও আইভি লি স্পষ্ট করে জানিয়েছেন, নখের এই পরিবর্তন সবসময় চর্মরোগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। বরং এটি শারীরিক অসুস্থতার প্রাথমিক লক্ষণ, পূর্বে হয়ে যাওয়া কোনো রোগের প্রভাব এবং কিছু ক্ষেত্রে হরমোনের পরিবর্তনের কারণেও হতে পারে।
তাই নখের এই সাধারণ পরিবর্তনগুলোকে হালকাভাবে না নিয়ে সেগুলোর দিকে নজর রাখা উচিত। যদি নখে অস্বাভাবিক কোনো পরিবর্তন লক্ষ্য করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ আপনার নখের সামান্য পরিবর্তনও হয়তো কোনো বড় স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে।