ত্বকের যত্নে ফেসিয়াল: কতদিন পর পর করলে মিলবে উজ্জ্বল ত্বক?

ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সঠিক যত্নের কোনো বিকল্প নেই। এই যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফেসিয়াল, যা ত্বককে প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। নারীদের মধ্যে ফেসিয়ালের প্রবণতা বেশি দেখা গেলেও, কতদিন পর পর ফেসিয়াল করা উচিত, তা নিয়ে অনেকেরই সঠিক ধারণা নেই। কেউ ঘন ঘন ফেসিয়াল করেন, আবার কেউ অনিয়মিতভাবে। চলুন, জেনে নেওয়া যাক ফেসিয়াল সম্পর্কে বিস্তারিত।
ফেসিয়াল ত্বকে উজ্জ্বলতা আনে
আপনি যদি মাসে দু’বার, অর্থাৎ প্রতি ১৫ দিন পর পর ফেসিয়াল করেন, তাহলে আপনার ত্বক পরিষ্কার থাকবে এবং মৃত কোষ দূর হয়ে উজ্জ্বলতা বাড়বে। ফেসিয়াল ত্বকের লোমকূপ (pores) পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হোয়াইটহেডস ও ব্ল্যাকহেডস দূর করে। এটি ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা বজায় রাখে। তবে আপনার ত্বক যদি খুব সংবেদনশীল হয়, তাহলে ফেসিয়াল করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
ফেসিয়াল কেন প্রয়োজন?
ফেসিয়াল হলো এক ধরনের স্কিনকেয়ার ট্রিটমেন্ট যা সাধারণত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় নেয়। ত্বককে সুস্থ রাখতে এই ট্রিটমেন্ট করানো হয়। এতে এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলা হয়। এরপর সুদিং মাস্ক ও ক্রিমের সাহায্যে ত্বককে সঠিক আর্দ্রতা দেওয়া হয়। ফেসিয়াল মাসাজ ত্বককে টানটান রাখতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়।
যেভাবে ফেসিয়াল করা হয়
একটি ফেসিয়ালের প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়:
প্রথমেই ক্লিনজারের সাহায্যে মুখ পরিষ্কার করা হয়।
এরপর স্ক্রাব ব্যবহার করে ত্বক এক্সফোলিয়েট করা হয়।
ত্বকের ট্যান দূর করতে একটি মাস্ক লাগানো হয়।
মুখের ত্বকে প্রায় ২০ মিনিট ধরে মাসাজ করা হয়, যা ত্বককে আরাম দেয় এবং ফেস কন্টোরিংয়ে সাহায্য করে।
মাসাজ শেষে মুখ পরিষ্কার করে ফেস প্যাক লাগানো হয়।
সবশেষে মুখ আবার পরিষ্কার করে ক্রিম ও সানস্ক্রিন লাগানো হয়।
বাড়িতে ফেসিয়াল করার নিয়ম
পার্লারে না গিয়েও আপনি চাইলে বাড়িতেই ফেসিয়াল করতে পারেন। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করুন:
প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
এরপর স্ক্রাব ব্যবহার করে ত্বক এক্সফোলিয়েট করুন।
এবার ফেস স্টিম নিন।
অ্যালোভেরা জেলের সাহায্যে কমপক্ষে ১০ মিনিট ভালো করে মুখ মাসাজ করুন।
মাসাজ শেষে মুখ পরিষ্কার করে ফেসপ্যাক লাগান।
১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।
সবশেষে টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
সঠিক নিয়ম মেনে ফেসিয়াল করলে আপনার ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল।