ত্বকের যত্নে ফেলনা নয় সবজির খোসা, জেনে নিন ব্যবহারের সহজ উপায়

আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কোনো না কোনো সবজি নিশ্চয়ই থাকে। কিছু কিছু সবজি আছে যার খোসা ফেলে দিতে হয়। আবার কিছু সবজির খোসা আমাদের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তবে জানেন কি, আমাদের ফেলে দেয়া সবজির খোসার ব্যবহারেই ত্বকের মারাত্মক সব সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এমন অনেক সবজি রয়েছে যেগুলোর খোসা দিয়ে তৈরি ফেসপ্যাক আপনার ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বড় ভূমিকা রাখবে। আবার আপনার ত্বকের ব্রণ দূর করতেও সাহায্য করবে। তাতে করে খরচ যেমন বেঁচে যাবে, তেমনই সুন্দর থাকবে ত্বক। চলুন জেনে নেয়া যাক ত্বকের মারাত্মক সব সমস্যার সমাধানে কীভাবে সবজির খোসা ব্যবহার করবেন-
লাউয়ের খোসা: উজ্জ্বল ত্বক পেতে লাউয়ের খোসার জুড়ি মেলা ভার। লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে সরাসরি মুখে ঘষুন। সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণ করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় চোখে পড়ার মতো।
করলার টুকরো: করলা কাটার পরে ছোট টুকরোগুলি বা বোঁটার নিচের অংশ আর ফেলে দেবেন না। এই অংশের রস মুখে মেখে নিন। নিয়মিত ব্যবহারে কালো দাগছোপ এবং ব্রণের দাগ ধীরে ধীরে চলে যায়।
শসার খোসা: রূপচর্চায় শসার মতোই শসার খোসাও অত্যন্ত উপকারী। চোখের চারপাশের ডার্ক সার্কেল কমাতে শসার খোসা ব্যবহার করতে পারেন। এছাড়াও, এটি ব্রণ কমাতেও সাহায্য করে।
আলুর খোসা: যারা ব্রণ নিয়ে সমস্যায় ভুগছেন, তাদের জন্য আলুর খোসা একটি সহজ সমাধান হতে পারে। আলুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা খুব দ্রুত ব্রণ শুকাতে সাহায্য করে। শুধু আলুর খোসা মুখে ঘষে নিন।
লেবুর খোসা: মুখের অবাঞ্ছিত লোম অনেকের কাছেই একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন লেবুর খোসা। এক টুকরো লেবু কেটে খোসাটা ছাড়িয়ে মুখে ঘষুন। লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিংয়ের গুণ রয়েছে, যা লোমের রঙ হালকা করে দেয়। এছাড়াও, এটি মুখ থেকে রোদে পোড়া দাগ (ট্যান) কমাতেও বেশ কার্যকর।
গাজরের খোসা: ত্বকের বলিরেখা বা সূক্ষ্ম রেখা কমাতে গাজরের খোসা খুবই উপযোগী। প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে নিন, তারপর সেটি বেটে একটি মিহি পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়ে উঠবে।
সুতরাং, এরপর থেকে সবজির খোসা ফেলে না দিয়ে কাজে লাগান ত্বকের যত্নে। এটি একদিকে যেমন সাশ্রয়ী, তেমনই ত্বকের জন্য প্রাকৃতিক ও নিরাপদ একটি উপায়।