ডায়েটে যোগ করুন কাঠবাদাম, উপকার জানলে আজই কিনে আনবেন!

বাদাম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে বেশিরভাগ মানুষ চিনাবাদাম খেলেও, এখন অনেকেই কাঠবাদাম খেতে পছন্দ করছেন। এর কারণ হলো, নানা পুষ্টিগুণের পাশাপাশি কাঠবাদাম হার্ট ভালো রাখতে ও ওজন কমানোর ক্ষেত্রে বিশেষভাবে উপকারী।
ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটিতে প্রকাশিত এক গবেষণা অনুসারে, কাঠবাদামে রয়েছে ৩৯ শতাংশ ফ্যাট, যার মধ্যে ২৫ শতাংশই হলো হার্টকে সুস্থ রাখার উপযোগী মোনোস্যাচুরেটেড ফ্যাট।
কোন সময়ে কাঠবাদাম খাবেন?
দুটি খাবারের মাঝখানে যখন আপনার ক্ষুধা পাবে, বা নোনতা অথবা কুকিজ জাতীয় খাবার খেতে ইচ্ছে করবে, তখন স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে কাঠবাদাম খেতে পারেন। মিড-মর্নিং বা মিড-আফটারনুন স্ন্যাক্স হিসেবে যে কেউ একমুঠো কাঠবাদাম খেতে পারেন। এটি আপনাকে স্বাস্থ্যকর উপায়ে পেট ভরা রাখতে সাহায্য করবে।
কীভাবে ডায়েটে যোগ করবেন কাঠবাদাম?
কাঠবাদাম আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় নানাভাবে যোগ করতে পারেন:
জল অথবা দুধে ভিজিয়ে: কাঁচা কাঠবাদাম সারারাত জল অথবা দুধে ভিজিয়ে রেখে সকালে বা দুপুরের স্ন্যাক্স হিসেবে খোসা ছাড়িয়ে খেতে পারেন। এতে হজম সহজ হয় এবং পুষ্টিগুণ আরও ভালোভাবে শরীর শোষণ করতে পারে।
গুঁড়ো করে: কাঠবাদাম শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন এবং নানা ধরনের খাবারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। সুস্বাদু ডেজার্ট তৈরিতেও এটি ব্যবহার করা যায়।
স্মুদি বা শেক তৈরি করে: যদি প্রতিদিন আপনার স্মুদি বা শেক খাওয়ার অভ্যাস থাকে, তাহলে তাতেও একমুঠো কাঠবাদাম যোগ করতে পারেন। এতে আপনার শরীরে প্রোটিন, মাইক্রোনিউট্রিয়েন্ট ও ফাইবার প্রবেশ করবে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
তবে খেয়াল রাখবেন, প্রতিদিন একমুঠোর বেশি কাঠবাদাম খাবেন না। অতিরিক্ত ড্রাই ফ্রুটস খেলে অনেকেরই হজমের সমস্যা হতে পারে। পরিমিত পরিমাণে কাঠবাদাম গ্রহণ করে এর সব উপকারিতা উপভোগ করুন!