জিভের রঙেই লুকিয়ে স্বাস্থ্যের রহস্য, কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

জিভ শুধু স্বাদ গ্রহণের অঙ্গ নয়, এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যেরও এক গুরুত্বপূর্ণ সূচক। খেয়াল করে দেখবেন, চিকিৎসকের কাছে গেলেই তিনি প্রথমে আপনার জিভ পরীক্ষা করেন। কারণ জিভের রঙ এবং স্বাস্থ্য দেখেই বোঝা যায় আপনি কতটা সুস্থ। তাই নিয়মিত জিভের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

জিভের স্বাস্থ্য এবং সমস্যার ইঙ্গিত
জিভ পরিষ্কার না রাখলে সেখানে খাবারের কণা জমে ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়াই নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সাধারণত, জিভের রঙ হয় গোলাপি। যদি জিভ বেশি লালচে হয়, তবে তা হজমের সমস্যার ইঙ্গিত হতে পারে।

অনেক সময় জিভে কালো ছোপ দেখা যায়, বিশেষ করে জিভের সামনের দিকে বা মাঝখানে। এই দাগগুলো তৈরি হতে পারে মৃত কোষ, ব্যাকটেরিয়া, অথবা খাবার ভালোভাবে পরিষ্কার না হওয়ার কারণে। এছাড়াও, যদি রক্ত শরীরের টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে না পারে, তাহলেও জিভে কালো দাগ দেখা দিতে পারে।

জিভের যত্ন এবং কালো দাগ দূর করার উপায়
জিভের যত্ন নিতে হলে নিয়মিত পরিষ্কার করা আবশ্যিক। একটি নরম টুথব্রাশ ব্যবহার করে দিনে দু’বার হালকাভাবে জিভে ব্রাশ করুন। এতে জিভে জমে থাকা ব্যাকটেরিয়া এবং মৃত কোষ দূর হবে। প্রতিবার খাওয়ার পর জিভ ও দাঁত ব্রাশ করা আবশ্যক। তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকলে জিভের কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও, জিভের কালো দাগ দূর করার কিছু কার্যকর ঘরোয়া উপায় রয়েছে:

আনারস: আনারসে থাকা ব্রোমেলিন জিভের কালচে দাগ দূর করতে সাহায্য করে এবং মৃত ত্বকের কোষ থেকে জিভকে মুক্তি দেয়। প্রতিদিন আনারস খেলে কয়েক দিনের মধ্যেই কালো দাগ হালকা হয়ে আসবে।

দারুচিনি এবং লবঙ্গ: জিভের কালো দাগ দূর করতে দারুচিনি এবং লবঙ্গও দারুণ কাজ করে। দুই টুকরো দারুচিনি ও চারটি লবঙ্গ এক গ্লাস জলে ভালো করে ফুটিয়ে ঠাণ্ডা করুন। তারপর সেই জল দিয়ে গার্গল করুন। দিনে দু’বার এটি করলে কালো দাগ দূর হবে।

রসুন: জিভের কালো দাগের ওপর এক কোয়া রসুন নিয়ে আলতো করে ঘষুন। এক মাস ধরে প্রতিদিন এটি করলে ভালো ফল পাবেন।

অ্যালোভেরা: অ্যালোভেরা কোলাজেন কাঠামোর উন্নতি ঘটিয়ে দ্রুত দাগ নিরাময়ে সহায়তা করে। জিভের কালো দাগে অ্যালোভেরা জেল লাগালে দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে। অ্যালোভেরা জুস খেলেও উপকার পাওয়া যায়।

নিম: নিম ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং এটি প্রাকৃতিক দাগ অপসারণকারী হিসেবেও কাজ করে। কয়েকটি নিম পাতা এক কাপ জলে ভালো করে ফুটিয়ে নিন। এবার এই জল দিয়ে মুখ ধুয়ে নিন। এক সপ্তাহ প্রতিদিন দু’বার করে এটি করলে জিভের দাগ চলে যাবে।