চোখের যত্নে অবহেলা? বাড়ছে অন্ধত্বের ঝুঁকি!

চোখ আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে একটি, অথচ এর উপরেই প্রতিনিয়ত পড়ছে মারাত্মক চাপ। অফিসের দীর্ঘ সময় কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকা, ঘন ঘন জুম মিটিং, এবং মোবাইলের অত্যধিক ব্যবহার – সব ক্ষেত্রেই চোখের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। শরীর সুস্থ রাখতে যেমন শরীরচর্চা জরুরি, তেমনই দৃষ্টিশক্তি ভালো রাখতে চোখের যত্ন নেওয়াও অত্যাবশ্যক।
তবে, প্রতিদিনের কিছু ভুল অভ্যাসের কারণে দেখা দিতে পারে গুরুতর চোখের সমস্যা। এমনকি, এর ফলে অন্ধত্বের আশঙ্কাও থেকে যায়।
যে অভ্যাসগুলো চোখকে বিপদে ফেলছে:
বারবার চোখ ঘষা: কাজের ফাঁকে বা অবসর সময়ে অনেকেরই চোখে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। আঙুল দিয়ে বারবার চোখ ঘষার কারণে কর্ণিয়া দুর্বল হয়ে পড়ে। এর ফলে চোখ থেকে জল পড়া, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। দীর্ঘমেয়াদে এটি আরও বড় ক্ষতির কারণ হতে পারে।
ডায়াবেটিস এবং চোখের স্বাস্থ্য:
দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল ডায়াবেটিস। ১৮ থেকে ৬৪ বছর বয়সী ডায়াবেটিক রোগীদের মধ্যে চোখের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না রাখলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ম্যাকুলার এডিমা, গ্লুকোমা এবং ছানির মতো গুরুতর সমস্যার ঝুঁকি বাড়ে।
যদি আপনার ডায়াবেটিস থাকে, তবে চোখ ভালো রাখতে বাড়তি সচেতনতা নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত চোখ দেখানো, এবং আলাদা করে চোখের যত্ন নেওয়া অত্যাবশ্যক।
চোখের যত্নে অবহেলা করলে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিন এবং কোনো অস্বাভাবিকতা দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আপনার চোখ সুরক্ষিত তো আপনার পৃথিবীও সুরক্ষিত।