চোখের তলার কালি নিয়ে চিন্তিত? নারকেল তেলেই মিলবে মুক্তি, রইল ৫ সহজ উপায়!

চোখের নিচের কালি একটি সাধারণ সমস্যা, যা মুখের সৌন্দর্য কমিয়ে দেয়। কতজন কত রকমের বিউটি প্রোডাক্ট ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পান না। তবে এক্ষেত্রে আপনার হাতের কাছেই রয়েছে এক সহজ সমাধান – নারকেল তেল। এই তেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বককে রাখে সতেজ। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে নারকেল তেল ত্বকের যেকোনো সমস্যা দূর করতে সাহায্য করে। চোখের নিচের কালো দাগ দূর করতে নারকেল তেল ব্যবহারের ৫টি সহজ উপায় জানিয়েছে বোল্ডস্কাই।
১. ম্যাসাজ:
চোখের নিচের অংশে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে কালো দাগ দূর হয় এবং চোখের ফোলা ভাবও কমে। প্রথমে মুখ ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এরপর আঙুলে অল্প পরিমাণে নারকেল তেল নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রায় পাঁচ মিনিট ধরে বৃত্তাকার গতিতে চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করুন। সকালে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে উপকার পাবেন।
২. নারকেল তেল ও আমন্ড অয়েল:
নারকেল তেল এবং আমন্ড অয়েল ত্বককে কোমল ও সতেজ রাখে, পাশাপাশি চোখের নিচের কালি দূর করে। একটি বাটিতে ১ চা চামচ নারকেল তেল ও ১ চা চামচ আমন্ড অয়েল ভালোভাবে মেশান। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণ চোখের নিচে লাগান এবং সকালে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে এটি সপ্তাহে একবার ব্যবহার করুন।
৩. নারকেল তেল ও হলুদ:
ত্বক কোমল ও উজ্জ্বল রাখতে হলুদ অপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ রাখে। এই দুইয়ের মিশ্রণ চোখের নিচের কালি দূর করতে সাহায্য করে। একটি পাত্রে ১ টেবিল চামচ নারকেল তেল ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এই মিশ্রণ চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর নরম সুতির কাপড় দিয়ে মুছে নিন এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন।
৪. নারকেল তেল এবং ল্যাভেন্ডার অয়েল:
ল্যাভেন্ডার অয়েলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। ১ টেবিল চামচ নারকেল তেলের সাথে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ভালোভাবে মেশান। এরপর চোখের নিচে বৃত্তাকার গতিতে কয়েক মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন। ২-৩ ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করতে পারেন।
৫. নারকেল তেল, আলু এবং শসা:
১ চা চামচ নারকেল তেল, ১টি আলু ও ১টি শসা নিন। আলু এবং শসা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিন। এই পেস্ট চোখের নিচে লাগিয়ে আলতোভাবে কয়েক মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। এরপর চোখের নিচে সামান্য নারকেল তেল ব্যবহার করুন এবং সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই পদ্ধতিগুলোর যেকোনো একটি ব্যবহার করেই আপনি উপকার পাবেন। তবে প্রতিকারের চেয়েও জরুরি হল প্রতিরোধ। চোখের নিচে কালি পড়ার কারণগুলো এড়িয়ে চলুন। দ্রুত ঘুমাতে যাওয়া এবং ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। প্রয়োজন ছাড়া গ্যাজেট থেকে দূরে থাকুন। একটি স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে সুস্থ ও সুন্দর রাখতে পারে।