চুল পড়া নিয়ে আর চিন্তা নয়! রান্নাঘরের এই উপাদানটি ব্যবহারেই মিলবে সমাধান

রান্নাঘরের এক অপরিহার্য উপাদান হলো রসুন। প্রাকৃতিক এই ভেষজের রয়েছে অসংখ্য পুষ্টিগুণ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানেও রসুন এক অসাধারণ প্রতিকার। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে বহু রোগ দূরে থাকে।

তবে শুধু শারীরিক সমস্যা নয়, চুলের যাবতীয় সমস্যার সমাধানেও রসুন এক অব্যর্থ দাওয়াই। চুল পড়ার সমস্যায় নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই কমবেশি দুশ্চিন্তায় ভোগেন। বিভিন্ন হেয়ার প্যাক থেকে শুরু করে দামি তেল ব্যবহারেও অনেক সময় এই সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়ে।

কিন্তু আপনার রান্নাঘরের একটি উপাদানই দূর করতে পারে এই চুল পড়ার সমস্যা। রসুনে থাকা ক্যালসিয়াম, জিঙ্ক এবং সালফার মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এছাড়াও, রসুনে বিদ্যমান সেলেনিয়াম চুলের গোড়ায় রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। যার ফলে চুল পড়ার সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

শুধু তাই নয়, রসুনের ব্যবহারে খুশকির প্রকোপও কমে এবং কোলাজেনের উৎপাদন বাড়ে। এর ফলে চুলের ঘনত্ব যেমন বৃদ্ধি পায়, তেমনই চুল হয়ে ওঠে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত। তবে এর জন্য জানতে হবে চুলে রসুন ব্যবহারের সঠিক পদ্ধতি:

>> রসুনের পেস্ট ও গরম জল: ৮-১০টি রসুনের কোয়া নিয়ে ভালোভাবে বেটে পেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্ট মাথার ত্বকে লাগিয়ে ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন এবং হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিনবার এই পদ্ধতি অনুসরণ করুন।

>> রসুনের রস ও গোলাপ জল: রসুনের পেস্ট তৈরি করে রস নিংড়ে নিন। এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত গোলাপ জল লাগিয়ে কম করে আধ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর পরিমাণ মতো রসুনের রস নিয়ে চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পর চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে নিয়ে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ১৫ মিনিট পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে দুবার এভাবে চুলের যত্ন নিলে চুল পড়ার মাত্রা কমবেই, সেইসঙ্গে চুলের ঘনত্বও বাড়বে।

>> রসুন, আদা ও ক্যাস্টর অয়েল: ৭-৮টি রসুনের কোয়া এবং দুই ইঞ্চির আদা ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার একটি বাটিতে আধা কাপ ক্যাস্টর অয়েল নিয়ে ২ মিনিট জ্বাল দিন, যতক্ষণ না মিশ্রণটি হালকা খয়েরি রঙ ধারণ করে। আঁচ বন্ধ করে মিশ্রণ ছেঁকে তেল সংগ্রহ করুন। ঠান্ডা হলে এই তেল মাথার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট মালিশ করুন। এর আধ ঘণ্টা পর ভালোভাবে চুল ধুয়ে নিন।

>> রসুনের রস ও মধু: কয়েকটি রসুনের কোয়া ব্লেন্ড করে রস ছেঁকে নিন। এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সবশেষে কন্ডিশনার লাগাতে ভুলবেন না। সপ্তাহে তিনবার এই মিশ্রণ চুলে লাগিয়ে মালিশ করলেই চুলের গোড়া হবে শক্ত এবং চুল পড়াও বন্ধ হবে। এর পাশাপাশি চুলের আর্দ্রতা বাড়বে এবং চুল হয়ে উঠবে আরও ঝলমলে।

সুতরাং, চুল পড়ার সমস্যা সমাধানে আর দামি রাসায়নিক পণ্যের উপর নির্ভর করার প্রয়োজন নেই। আপনার রান্নাঘরের এই সহজলভ্য উপাদানটি ব্যবহার করেই আপনি পেতে পারেন ঘন, মজবুত ও সুন্দর চুল।