চা পানের সঠিক নিয়ম জানেন তো? এই ভুলগুলো করলে হতে পারে মারাত্মক ক্ষতি!

চা নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সকালের শুরুটা হোক বা দিনের যে কোনও সময়, বাঙালির চায়ের কাপে চুমুক না দিলে যেন চলেই না! কাজের ফাঁকে হোক বা বন্ধুদের আড্ডা, চায়ের সঙ্গ অনিবার্য। তবে চা পান করা শরীরের পক্ষে আদৌ উপকারী নাকি ক্ষতিকর, তা নিয়ে বিতর্কও কম নয়।
ভারতের একটি বেসরকারি হাসপাতালের ডায়েটিশিয়ান রেখা চন্দ্রাকর জানিয়েছেন, চা পান করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। তা হলেই চা পানের প্রকৃত উপকারিতা পাওয়া যাবে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও রক্ষা পাওয়া যাবে।
১. চা পাতা, দুধ ও চিনি একসঙ্গে নয়: অনেকেই তাড়াহুড়োয় জল, চা পাতা, দুধ ও চিনি একসঙ্গে ফুটিয়ে চা বানান। এটি ভুল পদ্ধতি। প্রথমে জল ফোটান, তারপর চা পাতা মেশান। সবশেষে দুধ মেশান। এতে চায়ের স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।
২. একবার ফোটানোই যথেষ্ট: চায়ের জল একবার ফুটলেই যথেষ্ট। তিন মিনিটের বেশি চা ফোটালে জলের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং চায়ের স্বাদও তেতো হয়ে যায়।
৩. ফুটন্ত জলে চা পাতা: সবসময় ফুটন্ত জলেই চা পাতা দিন। এর ফলে চায়ের রং এবং ফ্লেভার দুটোই সঠিক থাকবে। ঠান্ডা জলে চা পাতা দিলে সঠিক স্বাদ ও রং পাওয়া যায় না।
৪. আধ ঘণ্টার বেশি নয়: চা বানানোর পরে আধ ঘণ্টা হয়ে গেলে আর সেই চা পান করবেন না। এতে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘক্ষণ রেখে দেওয়া চায়ে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে।
৫. পুনরায় ব্যবহার নয়: একবার যে চা পাতা ব্যবহার করে চা বানানো হয়েছে, তা দিয়ে আর দ্বিতীয়বার চা বানাবেন না। এতে পেটের সমস্যা হতে পারে এবং চায়ের পুষ্টিগুণও অবশিষ্ট থাকে না।
৬. খাওয়ার পরেই নয়: খাওয়ার পরেই চা পান করা উচিত নয়। চায়ের মধ্যে ফেনোলিক কম্পাউন্ড থাকে। এই যৌগটি শরীরের আয়রন গ্রহণক্ষমতা কমিয়ে দেয়। ফলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে। খাবারের অন্তত এক ঘণ্টা পর চা পান করা উচিত।
৭. ওষুধ খাওয়ার পর পরই নয়: ওষুধ খাওয়ার পর পরই চা পান করবেন না। চায়ের মধ্যে থাকা ট্যানিন ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। ওষুধ খাওয়ার অন্তত এক ঘণ্টা আগে বা পরে চা পান করা উচিত।
৮. খালি পেটে নয়: সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা পান করলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই ঘুম থেকে উঠে প্রথমে কিছু হালকা খাবার খান, তার পরেই চায়ে চুমুক দিন।
চা নিঃসন্দেহে একটি জনপ্রিয় পানীয় এবং এর কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। তবে সঠিক নিয়ম মেনে চা পান করলেই সেই উপকারিতা পাওয়া সম্ভব। উপরোক্ত নিয়মগুলি মেনে চললে আপনি চা পানের আনন্দ উপভোগ করার পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন।