‘গ্রিন ফ্ল্যাগ’ ডেটিং: কীভাবে বুঝবেন আপনার সঙ্গীটিই আপনার জন্য সঠিক?

ডেটিংয়ের জগতে নবীন প্রজন্ম, অর্থাৎ জেন জি, এখন নিত্যনতুন শব্দবন্ধ ব্যবহার করে। এর মধ্যে ‘গ্রিন ফ্ল্যাগ’ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত। এর সহজ অর্থ হলো, যখন আপনার সঙ্গীটি আপনার জন্য একদম সঠিক, ভীষণ ভালো মানুষ এবং আপনি তার সঙ্গে জীবন কাটাতে চান, তখন সেই মানুষটি হলো ‘গ্রিন ফ্ল্যাগ’। কিন্তু কীভাবে বুঝবেন যে আপনার স্বপ্নের মানুষটি সত্যিই ‘গ্রিন ফ্ল্যাগ’? অনেক সময় প্রথম আলাপেই বা প্রথম ডেটেই কিছু লক্ষণ দেখে চেনা যায় এই পারফেক্ট মানুষটিকে।

বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে ‘গ্রিন ফ্ল্যাগ’ চিনতে কিছু নির্দিষ্ট দিক খেয়াল রাখা জরুরি:

চাহিদা সম্পর্কে সচেতনতা
প্রথম ডেটেই একজন মানুষকে পুরোপুরি চেনা কঠিন। নিজের সম্পর্কে যেমন সবকিছু বলা যায় না, তেমনি সামনের মানুষটার কথাও পুরোপুরি বোঝা সম্ভব হয় না। তবে শুরু থেকেই আপনার নিজের চাহিদা সম্পর্কে পরিষ্কার থাকা দরকার। আপনি কি ক্যাজুয়াল ডেটিং চাইছেন, নাকি ওপেন রিলেশনশিপ, নাকি বিয়ে — এই বিষয়গুলো সম্পর্কে আপনার অবগত থাকা প্রয়োজন। আপনার সঙ্গী যদি এই বিষয়গুলো আপনাকে পরিষ্কারভাবে বোঝাতে সক্ষম হন, তাহলে বুঝবেন মানুষটি ‘গ্রিন ফ্ল্যাগ’।

অন্যকে দোষারোপ না করা
আগের সম্পর্কগুলো কেন টেকেনি, কিংবা জীবনের কিছু ভুলের জন্য কে দায়ী— এই ধরনের বিষয়ে যদি আপনার সঙ্গী বারবার অন্যকে দোষারোপ করতে থাকেন এবং নিজের ভুল স্বীকার করতে না চান, তাহলে এমন মানুষের সঙ্গে থাকা কঠিন হতে পারে। কিন্তু যদি কেউ নিজের ভুল মেনে নিয়ে জীবনে এগিয়ে চলে, বুঝবেন সেই মানুষটি আপনার জন্য ‘গ্রিন ফ্ল্যাগ’। একই সঙ্গে যে মানুষটি আপনাকে সম্মান দেয় এবং কোথায় কখন কী কথা বলতে হয় তা জানে, তিনিই আসল ‘গ্রিন ফ্ল্যাগ’।

সততা
জীবনে যা-ই ঘটে যাক না কেন, সৎ থাকাটা ভীষণ জরুরি। সঠিক-ভুলের বিচার ছাড়াও আপনি যে কাজটা করছেন বা যে মানুষের সঙ্গে কাজ করছেন, তার প্রতি সৎ থাকা প্রয়োজন। আপনার সঙ্গী যদি সৎ হন, তাহলে বুঝবেন এমন মানুষের সঙ্গে সংসার করা অনেক সহজ।

কথার মূল্য দেওয়া
মুখে এক কথা বলে আর কাজ করে আরেক— এমন মানুষের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আপনার সঙ্গী যদি কথার মূল্য দিতে জানে, অর্থাৎ তার কথা ও কাজের মধ্যে মিল থাকে, তাহলে তিনিই ‘গ্রিন ফ্ল্যাগ’। এ ধরনের মানুষরা প্রতিশ্রুতি দেয় এবং তা পূরণ করে। এমন মানুষ আপনাকে কোনোদিন ঠকাবে না।

সম্পর্ক মজবুত করার চেষ্টা
যে মানুষটি সম্পর্ককে মজবুত করে তুলতে সারাক্ষণ চেষ্টা করে, এফোর্ট দেয় এবং আপনার খেয়াল রাখে, তিনিই তো ‘গ্রিন ফ্ল্যাগ’। আপনার সঙ্গে সময় কাটায়, আপনাকে বোঝে, আপনি যাতে ভালো থাকেন এবং সুরক্ষিত থাকেন তার চেষ্টা করে— এমন মানুষের সঙ্গে কে না থাকতে চায়? এমন ‘গ্রিন ফ্ল্যাগ’ যখন আপনার জীবনে আসে, তাকে কখনও হাতছাড়া করবেন না।

এই লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার ডেটিং সঙ্গীটি আপনার জন্য কতটা উপযুক্ত। সম্পর্ক গড়ার আগে এই বিষয়গুলো যাচাই করে নিলে দীর্ঘস্থায়ী ও সুখী সম্পর্ক গড়া সহজ হবে।