গরমে আরামের স্নানও ডেকে আনতে পারে ত্বকের বিপদ! এই ভুলগুলো করছেন না তো?

ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে শরীর সুস্থ ও সতেজ রাখতে প্রতিদিন স্নান করা প্রায় সকলেরই অভ্যাসে পরিণত হয়েছে। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করার আগে হোক বা বাইরে থেকে ফিরে, স্নান আমাদের ক্লান্তি দূর করে এক নতুন উদ্যম এনে দেয়। তবে জানেন কি, স্নানের সময় কিছু ভুল অভ্যাস লাভের চেয়ে ত্বকের ক্ষতিই বেশি করে? আসুন জেনে নেওয়া যাক সেই ভুলগুলি সম্পর্কে:

১. দীর্ঘক্ষণ জলে কাটানো: গরমে ঘণ্টার পর ঘণ্টা জলের মধ্যে ডুব দিয়ে থাকতে কার না ভালো লাগে! তবে অতিরিক্ত সময় ধরে জলে থাকলে আপনার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় এবং ত্বক ক্রমশ শুষ্ক হয়ে পড়ে। তাই দীর্ঘক্ষণ জলে থাকার অভ্যাস ত্যাগ করুন।

২. গরম জলে স্নান এড়িয়ে চলুন: প্রতিদিন গরম জল দিয়ে স্নান করলে ত্বক দ্রুত কুঁচকে যায় এবং নিজস্ব আর্দ্রতা হারিয়ে জৌলুসহীন হয়ে পড়ে। স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে স্নান করাই ত্বকের জন্য শ্রেয়।

৩. স্নানের সময় মেকআপ পরিষ্কার না করা: স্নানের সময় মেকআপ পরিষ্কার করার চেষ্টা করলে ত্বকের উপর অযথা চাপ পড়ে, যা ত্বকের জন্য ক্ষতিকর। মেকআপ তোলার জন্য আলাদা মেকআপ রিমুভার ব্যবহার করুন এবং তারপর স্নান করুন।

৪. ফোমিং জেলের অতিরিক্ত ব্যবহার: ক্ষারযুক্ত সাবানের মতোই ফোমযুক্ত শাওয়ার জেলও ত্বকের জন্য খুব একটা ভালো নয়। এর অতিরিক্ত ব্যবহারে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা ও তেল হারিয়ে শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। তাই অল্প পরিমাণে ব্যবহার করুন অথবা এর বদলে প্রাকৃতিক তেল যুক্ত সামগ্রী ব্যবহার করতে পারেন।

৫. বডি স্পঞ্জ বা লুফার ব্যবহার: গা পরিষ্কার করার জন্য অনেকেই নাইলনের বডি স্পঞ্জ বা লুফা ব্যবহার করেন। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং জোরে ঘষলে ত্বকে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। ত্বক পরিষ্কার করতে বডি স্ক্রাব বা এক্সফোলিয়েটর ব্যবহার করা ভালো। বাড়িতে তৈরি প্রাকৃতিক স্ক্রাবারও ব্যবহার করতে পারেন।

৬. কড়া রাসায়নিক যুক্ত প্রোডাক্ট এড়িয়ে চলুন: নামী-দামী কড়া রাসায়নিক যুক্ত প্রসাধনীর বদলে যতটা সম্ভব হার্বাল বা প্রাকৃতিক উপাদান যুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন। এতে আপনার ত্বক ভালো থাকবে।

৭. জোরে গা মোছা পরিহার করুন: স্নানের পর গা থেকে জল মোছার সময় অনেকেই তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষেন। এর ফলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারায় এবং শুষ্ক হয়ে যায়। নরম তোয়ালে দিয়ে হালকাভাবে স্পঞ্জের মতো করে জল মুছে নিন। এরপর বডি লোশন, ময়েশ্চারাইজার বা প্রাকৃতিক তেল ব্যবহার করলে ত্বক দীর্ঘক্ষণ হাইড্রেটেড থাকবে।

৮. ঋতুস্রাবের সময় ঈষদুষ্ণ জলে স্নান: পিরিয়ডসের সময় ঈষদুষ্ণ জলে সামান্য সন্ধক লবণ মিশিয়ে স্নান করলে গা, হাত ও পায়ের ব্যথা কমবে এবং আরাম পাবেন।

স্নান শরীরকে সতেজ রাখলেও, কিছু ভুল অভ্যাসের কারণে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই উপরোক্ত বিষয়গুলি মাথায় রেখে স্নান করুন এবং আপনার ত্বকের যত্ন নিন।