গরমের জ্বালা! রান্নাঘরকে মাছি-পিঁপড়েমুক্ত রাখতে ৪ সহজ ঘরোয়া কৌশল

গ্রীষ্মের আগমন মানেই আমাদের মতো উষ্ণ অঞ্চলে পোকামাকড়ের আনাগোনা বৃদ্ধি। আর রান্নাঘরের পরিস্থিতি তো আরও সঙ্গীন! একদিকে মাছির ভনভনানি, অন্যদিকে পিঁপড়ের সারি—এই উপদ্রব মোকাবিলা করা বেশ কঠিন। যেহেতু রান্নাঘরে খাবারদাবার থাকে, তাই বাজারের রাসায়নিক স্প্রে ব্যবহার করাও সবসময় নিরাপদ নয়। এই পরিস্থিতিতে পোকামাকড়, মাছি এবং অন্যান্য পতঙ্গ তাড়ানোর জন্য কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করাই শ্রেয়।
১. ভিনিগার ও জলের মিশ্রণ: একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনিগার এবং জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার রান্নাঘরের কোণায়, জানালার চারপাশে এবং যেখানে পোকামাকড় বেশি দেখা যায়, সেখানে স্প্রে করুন। ভিনেগারের তীব্র গন্ধ পোকামাকড় এবং মাছি তাড়াতে সাহায্য করে। স্প্রে শুকিয়ে গেলে সাধারণত এর গন্ধ মানুষের নাকে লাগে না, তবে পোকামাকড় তাড়ানোর কাজটি বেশ কার্যকরভাবে করে।
২. লেবুর রস বা খোসা: লেবুর সাইট্রিক অ্যাসিড অনেক ধরনের পতঙ্গ, বিশেষ করে পিঁপড়ে এবং মাছি তাড়ানোর জন্য খুবই শক্তিশালী। একটি লেবুর রস জলের সাথে মিশিয়ে তা দিয়ে রান্নাঘরের সেলফ এবং কাউন্টারটপ মুছে নিতে পারেন। এছাড়াও, লেবুর খোসা ছোট ছোট টুকরো করে কেটে রান্নাঘরের বিভিন্ন কোণায় বা জানালার কাছে রেখে দিলেও মাছি ও অন্যান্য পোকার উপদ্রব কমে যায়।
৩. লবঙ্গ: লবঙ্গ একটি শক্তিশালী প্রাকৃতিক পতঙ্গ বিতাড়ক, বিশেষ করে মাছির এর গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। একটি মাঝারি আকারের লেবুর মধ্যে কয়েকটি লবঙ্গ গেঁথে আপনার রান্নাঘরের টেবিলে বা জানালার কাছে রেখে দিন। লবঙ্গের তীব্র সুবাস মাছিদের দূরে রাখবে।
৪. পুদিনা পাতা: পুদিনা পাতার কড়া এবং সতেজ গন্ধ মাছি, মশা এবং পিঁপড়া তাড়াতে খুব কার্যকর। আপনার রান্নাঘরের জানালায় একটি ছোট পুদিনা পাতার টব রাখতে পারেন অথবা কিছু তাজা পুদিনা পাতা ছিঁড়ে যেখানে পোকার উপদ্রব বেশি, সেখানে রেখে দিন। শুকনো পুদিনা পাতা একটি কাপড়ের পুঁটলিতে বেঁধে আপনার রান্নাঘরের বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখলেও পোকামাকড় দূরে থাকবে।
এই সহজ এবং প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করে আপনি সহজেই আপনার রান্নাঘরকে মাছি, পিঁপড়ে এবং অন্যান্য পোকামাকড়মুক্ত রাখতে পারেন। রাসায়নিক স্প্রের ক্ষতিকর প্রভাব এড়িয়ে এই ঘরোয়া টোটকাগুলো আপনার রান্নাঘরের পরিবেশকে স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।