কুড়িতেই বুড়িয়ে যাচ্ছেন? ধূমপান থেকে শুরু করে গাল চেপে ঘুম—তারুণ্য ধরে রাখতে আজই ছাড়ুন এই ৮টি বদঅভ্যাস!

কোনো মানুষই চিরকাল তার যৌবন ধরে রাখতে পারে না। নির্দিষ্ট একটা বয়স পার হলেই ত্বকে বলিরেখা, কুঁচকে যাওয়া এবং চামড়া ঝুলে পড়ার মতো সমস্যা দেখা দেয়। তবে অনেকেই আছেন, যারা নির্দিষ্ট সময়ের আগেই বুড়িয়ে যান। এর জন্য দৈনন্দিন জীবনের কিছু বদঅভ্যাসই মূলত দায়ী। নিজের দোষে তারুণ্যেই ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করতে এই ৮টি অভ্যাস থেকে নিজেকে বিরত রাখুন:
১। ধূমপান: গবেষণায় দেখা গেছে, যারা ধূমপান করেন তাদের ত্বকে অন্যদের তুলনায় দ্রুত বলিরেখা পড়ে। তামাকের রাসায়নিক উপাদান ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে দেয়। তাই ত্বক ভালো রাখতে ধূমপান ত্যাগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
২। অতিরিক্ত মিষ্টি খাবার: মিষ্টি যদি আপনার খুব প্রিয় হয়ে থাকে, তবে দুঃসংবাদ! অতিরিক্ত মিষ্টি খাবার খেলে ত্বকে গ্লাইকেশন (Glycation) প্রক্রিয়া দ্রুত হয়, যার ফলে দ্রুত বলিরেখা পড়ে। ত্বকের যৌবন ধরে রাখতে মিষ্টি খাবার পরিহার করুন।
৩। কোল্ড ড্রিঙ্কস ও মদ্যপান: অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস থাকলে ত্বকে দ্রুত বলিরেখা পড়ার সম্ভাবনা থাকে। কারণ কোল্ড ড্রিঙ্কসগুলোতে প্রচুর চিনি থাকে। অন্যদিকে, মদ্যপানের নেশা থাকলে ত্বক দ্রুত ডিহাইড্রেটেড হয়ে বুড়িয়ে যায়।
৪। চুইংগাম চিবোনো: অনেকেরই মুখে সারাক্ষণ চুইংগাম রাখার অভ্যাস আছে। নিয়মিত চুইংগাম চিবোলে চোয়াল এবং থুতনির আশেপাশের ত্বকে খুব দ্রুত বলিরেখা পড়তে শুরু করে। এই অভ্যাস আজই ত্যাগ করুন।
৫। ঠিকমতো মেকআপ না তোলা: মেকআপ করার পর সেটা ঠিকমতো তোলা না হলে, মেকআপের কণা এবং ধুলো ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়, যা ত্বকে বলিরেখা পড়তে সাহায্য করে। তাই মেকআপ করলে তা তোলার ব্যাপারে অবশ্যই যত্নশীল হোন।
৬। ত্বক অতিরিক্ত টানাটানি: গাল ধরে টানাটানি করা, হাত দিয়ে ত্বক অতিরিক্ত ঘষা বা হাত দেওয়া ইত্যাদি অভ্যাসগুলো ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে বলিরেখা ফেলে দেয়। ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করতে অতিরিক্ত হাত দেওয়ার অভ্যাস বন্ধ করুন।
৭। সানস্ক্রিন না লাগানো: অনেকেই সানস্ক্রিন লাগানোটাকে খুব বেশি জরুরি মনে করেন না। কিন্তু সানস্ক্রিন না লাগিয়ে রোদে বের হলে সূর্যের অতিবেগুনি রশ্মির (UV Rays) প্রভাবে ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায় এবং বলিরেখার সৃষ্টি হয়। তাই রোদে বের হওয়ার আগে ত্বকে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিন।
৮। গালের উপর ভর দিয়ে ঘুমানো: পাশে কাত হয়ে ঘুমালে গালের উপর ভর পড়ে, এতে মুখের একপাশে খুব দ্রুত বলিরেখা পড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে চিত হয়ে শোয়ার অভ্যাস করুন অথবা নরম সাটিন কাপড়ের বালিশের কভার ব্যবহার করুন, যাতে ত্বকে চাপ কম পড়ে।