কলা সংরক্ষণ: দ্রুত পচে যাওয়া রোধে সহজ ঘরোয়া পদ্ধতি

কলা সহজলভ্য, পুষ্টিকর ও সুস্বাদু একটি ফল, যা সকালের নাস্তায় কিংবা দিনের অন্য সময়ে অনেকেরই পছন্দের। তবে প্রতিদিন বাজার থেকে কলা কিনে আনা বেশ ঝামেলার কাজ, আবার একসঙ্গে অনেক কিনে আনলে বেশিরভাগ কলাই পচে যায়। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ করলে এই কলা বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক কলা সংরক্ষণের কিছু সহজ ঘরোয়া পদ্ধতি, যা কলাকে দ্রুত পেকে নষ্ট হওয়া থেকে বাঁচাবে।
সঠিক কলা নির্বাচন
কলা যাতে দ্রুত নষ্ট না হয়, তা নিশ্চিত করার সবচেয়ে সহজ উপায় হলো বাজার থেকে একটু সবুজ কলা কেনা। তবে একেবারে কাঁচা কলা কিনে আনবেন না। বেশি সবুজ কলা পাকতে সময় নেয় বেশি, এতে করে আপনি সময় মতো খেতে পারবেন না। তাই কিছুটা হলুদাব সবুজ কলাই বেছে নেওয়া ভালো।
কলার কাণ্ড ঢেকে রাখুন
কলার কাণ্ড থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়ে দ্রুত পাকে কলা। তাই এই গ্যাস নিঃসরণ রোধ করতে প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কলার কাণ্ড ঢেকে রাখুন। এতে কলার পাকার প্রক্রিয়া ধীর হবে এবং এটি বেশিদিন তাজা থাকবে।
ফ্রিজে কলা সংরক্ষণের উপায়
একগুচ্ছ কলা একসঙ্গে ফ্রিজে রাখলে কলার খোসা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং কলাও তাড়াতাড়ি কালো হয়ে যায়। এক্ষেত্রে আপনি কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন:
আলাদা আলাদা কলা রাখুন: একটি গুচ্ছ থেকে কলাগুলো আলাদা করে রাখলে প্রতিটি কলার পাকার হার ভিন্ন হতে পারে, যা সংরক্ষণে সাহায্য করে।
খোসা ছাড়িয়ে সংরক্ষণ: কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রাখুন। এভাবে রাখলে কলা বেশ কিছুদিন ভালো থাকবে এবং স্মুদি বা ডেজার্ট তৈরিতে ব্যবহার করা সহজ হবে।
এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার কেনা কলাগুলো দ্রুত নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারবেন এবং লম্বা সময় ধরে এর পুষ্টিগুণ ও স্বাদ উপভোগ করতে পারবেন।