কর্মস্থলে স্বস্তি খোঁজেন মহিলারা, ঘরোয়া চাপে পুরুষরা: সমীক্ষা

অফিসে দীর্ঘ কর্মঘণ্টার পর মানুষ সাধারণত ঘরের দিকেই ছুটে যান। কখন অফিসের কাজ শেষ হবে এবং পরিবারের কাছে ফিরে যাবেন, এই ভাবনাতেই থাকেন অধিকাংশ মানুষ। তবে সাম্প্রতিক এক গবেষণা এই চিরাচরিত ধারণায় ভিন্ন চিত্র তুলে ধরেছে।
বুধবার ‘টাইমস অফ ইন্ডিয়া’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির এক সমীক্ষায় দেখা গেছে যে, অনেক ক্ষেত্রেই পুরুষদের তুলনায় নারীরা কর্মস্থলেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
গবেষণায় অংশগ্রহণকারী ১২২ জন নারীর ওপর টানা এক সপ্তাহ ধরে সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় দেখা গেছে, অফিসে থাকাকালীন সময়ের তুলনায় বাড়িতে নারীদের শরীরে স্ট্রেস হরমোনের নিঃসরণের মাত্রা বেশি থাকে। এর অর্থ হলো, অনেক নারীই বাড়িতে থাকার চেয়ে অফিসে তুলনামূলকভাবে কম চাপ অনুভব করেন।
অন্যদিকে, সমীক্ষায় পুরুষদের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা গেছে। পুরুষরা সাধারণত বাড়িতেই চাপমুক্ত থাকেন। সম্ভবত সেই কারণেই অফিস থেকে বাড়ি ফেরার জন্য তাদের মধ্যে একটি স্বাভাবিক তাড়না কাজ করে।
গবেষকরা জানিয়েছেন, যে সকল নারীরা ঘরের কাজে তুলনামূলকভাবে বেশি ব্যস্ত থাকেন, তাঁরা কর্মস্থলেই তুলনামূলকভাবে ভালো বোধ করেন। তবে, যেসব নারী একা থাকেন অথবা যাদের বাড়িতে কাজের চাপ কম থাকে, তাঁরা সম্ভবত অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে আগ্রহী হন।
এই গবেষণা কর্মজীবী নারী ও পুরুষদের মানসিক স্বাস্থ্য এবং কর্ম ও পারিবারিক জীবনের ভারসাম্যের উপর নতুন আলোকপাত করেছে।