কর্মক্ষেত্রে প্রেম: কতটা ব্যক্তিগত, কতটা পেশাদার?

ভালোবাসা যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো বয়সে আসতে পারে। স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্র, এর কোনো নির্দিষ্ট গণ্ডি নেই। একজন কর্মজীবীর দিনের বেশিরভাগ সময় কাটে অফিসেই। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে সহকর্মীর প্রতি দুর্বলতা আসাটা অস্বাভাবিক নয়। তবে কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্ক তৈরি হলে তা যেমন ব্যক্তিগত জীবনে আনন্দ আনতে পারে, তেমনই তা অন্য সহকর্মীদের কাছে গসিপের বিষয় হয়ে উঠতে পারে, যার প্রভাব পড়তে পারে ব্যক্তিগত ও কর্মজীবনে।

কোনো সহকর্মীর প্রেমে পড়লে এবং তার সাথে সম্পর্ক শুরু করার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি:

কর্ম ও ব্যক্তিজীবন আলাদা রাখুন
সম্পর্কে জড়ালে সেখানে প্রাপ্তি, প্রত্যাশা, রাগ, অভিমানসহ নানা অনুভূতি থাকবেই। ভালো-মন্দ, ঝগড়া-মিষ্টি মুহূর্ত—এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এই ব্যক্তিগত অনুভূতিগুলোর কোনো ধরনের প্রভাব আপনার কর্মজীবনে পড়তে দেওয়া চলবে না। যার যার ডেস্ক সুষ্ঠুভাবে সামলাতে হবে এবং অফিসে অনুভূতির প্রকাশ বন্ধ রাখতে হবে। একে অপরের দিকে তাকিয়ে থাকা, হাত ধরা কিংবা ঘনিষ্ঠ হয়ে বসা অফিসিয়াল পরিবেশের সঙ্গে খাপ খায় না এবং সবার নজরে আসবে।

সঠিকভাবে যোগাযোগ করুন
অফিসে থাকাকালীন একজন সহকর্মীর মতোই আচরণ করুন। ব্যক্তিগত আলোচনা থেকে বিরত থাকুন। অফিসের ফোন বা মেইল ব্যবহার করে ব্যক্তিগত কথাবার্তা বলবেন না। কারণ আপনার অজান্তেই সেসব মেইল অফিসের তরফে ট্র্যাক হতে পারে। এছাড়া অফিসের রিসোর্স আপনার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়। নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকুন।

সহকর্মীদের কাছে ব্যক্তিগত কথা নয়
আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা হলে তা অন্যান্য সহকর্মীদের বলবেন না। সমস্যা সব সম্পর্কেই কম-বেশি থাকে, কিন্তু তা সবাইকে জানিয়ে বেড়ানো ঠিক নয়। কেবল কাছের মানুষদেরই বলা যায়। তাই আপনার প্রেমের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা হলে তা সহকর্মীদের সাথে আলোচনা করা থেকে বিরত থাকুন। আপনার ব্যক্তিগত জীবন তাদের সামনে তুলে ধরলে আপনি তাদের গসিপের বিষয় হয়ে উঠবেন।

সম্পর্ক ভালোভাবে না চললে
প্রেমের সম্পর্ক শুরুর আগে ভালোভাবে ভেবে নিন। কারণ সম্পর্কটি যদি ঠিকভাবে না এগোয়, তাহলে পরবর্তীতে আর আগের মতো সব স্বাভাবিক থাকবে না। কোনো কারণে ব্রেকআপ হয়ে গেলেও প্রতিদিন পরস্পরের মুখ দেখতে হবে। যদি সমস্যা লেগেই থাকে এবং কোনোভাবেই মানিয়ে নেওয়া না যায়, তবে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাই উত্তম। তবে ব্রেকআপের পর তার প্রভাব যেন কোনোভাবেই আপনার অফিসের কাজে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন।

কর্মক্ষেত্রে প্রেম একটি সংবেদনশীল বিষয়। সঠিক পরিকল্পনা এবং পেশাদারিত্ব বজায় রেখে চললে এটি ব্যক্তিগত জীবনে যেমন আনন্দ আনতে পারে, তেমনই কর্মজীবনের ভারসাম্যও বজায় রাখতে পারে।