আমাদের দৈনন্দিন জীবনের দশটা কাজের মতোই বাড়ি-ঘরের পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। বিশেষ করে রান্নাঘর, বাথরুম আর ডাইনিংয়ের মতো স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখা নিজেদের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। তবে এর মধ্যে টয়লেট পরিষ্কার করা অনেকের কাছেই বেশ ঝামেলার কাজ। আর কমোডকে ঝকঝকে করতে গেলে তো আরও বেশি পরিশ্রম ও সময় লাগে।
কমোড পরিষ্কারের জন্য বাজারে অনেক রাসায়নিক সমৃদ্ধ পণ্য পাওয়া যায়। যদিও এগুলো দ্রুত পরিষ্কার করে, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলোর ব্যবহারে কমোডের বর্ণ ফ্যাকাসে হয়ে যেতে পারে এবং পরিবেশের জন্যও ক্ষতিকর। এই সমস্যা প্রতিরোধের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই সবচেয়ে ভালো সমাধান।
কমোড পরিষ্কার করার জন্য যেসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায়, জেনে নিন তার কার্যকরি পদ্ধতি:
১. ভিনেগার
ভিনেগার একটি শক্তিশালী প্রাকৃতিক পরিষ্কারক। প্রথমে টয়লেট ফ্ল্যাশ করে নিন। ১০ মিনিট পর টয়লেট পরিষ্কার করার ব্রাশ দিয়ে ব্রাশ করুন। এরপর ১ গ্লাস ভিনেগার কমোডে ঢেলে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর আবার খুব ভালোভাবে ব্রাশ করে ফ্ল্যাশ করুন।
২. বেকিং সোডা ও ভিনেগার
এই মিশ্রণ যেকোনো ধরনের দাগ দূর করতে দারুণ কাজ করে। রাতে ২ টেবিলচামচ বেকিং সোডা কমোডে ছিটিয়ে রাখুন। সকালে তিনবার ফ্ল্যাশ করুন। তারপর আধা কাপ ভিনেগার কমোডে দিয়ে ভালো করে ব্রাশ করুন। এর ফলে কমোডের যেকোনো ধরনের দাগই দূর হবে।
৩. লেবুর রস ও বোরাক্স
লেবু এমন একটি ফল যা দিয়ে আপনি ঘরের যেকোনো জিনিস পরিষ্কার করতে পারেন। আপনার টয়লেটের কমোডটি ঝকঝকে পরিষ্কার করার জন্য একটি পাত্রে ১ কাপ বোরাক্স নিয়ে এর সঙ্গে ২টি লেবুর রস যোগ করুন। উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। কমোডে জল দিয়ে দিন বা ফ্ল্যাশ করে নিন যাতে কিনারের অংশগুলোও ভিজে। একটি স্পঞ্জের সাহায্যে মিশ্রণটি কমোডের সব জায়গায় লাগান। ২ ঘণ্টা রাখার পর ব্রাশ দিয়ে ভালো করে মেঝে ধুয়ে নিন। কমোডের রিংয়ের একগুঁয়ে দাগ দূর করতে এটি চমৎকার কাজ করে।
৪. শুধুমাত্র বেকিং সোডা
মাত্র ৩ টেবিলচামচ বেকিং সোডা সারারাত কমোডে ছিটিয়ে রাখুন। সারারাত থাকার ফলে এটি কমোডের মধ্যে শোষিত হবে। সকালে ফ্ল্যাশ করুন এবং ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন। তারপর আবারো ফ্ল্যাশ করুন। আপনার কমোডটি উজ্জ্বল ও পরিষ্কার হবে।
৫. ভিনেগার ও বোরাক্স পাউডার
কমোডে ফ্ল্যাশ করে নিয়ে এর মধ্যে বরিক পাউডার ছিটিয়ে দিন। এর উপর ভিনেগার স্প্রে করুন। এভাবে ৩০ মিনিট বা তার বেশি সময় রেখে দিন। তারপর ব্রাশ করে ধুয়ে ফেলুন।
৬. ক্যাস্টাইল সোপ ও বেকিং সোডা
অলিভ অয়েল ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা নির্মিত হয় ক্যাস্টাইল সোপ। একটি বড় পাত্রে ১/৪ কাপ পরিমাণ তরল ক্যাস্টাইল সোপ নিয়ে এর সঙ্গে ৩/৪ কাপ পরিমাণ জল, ২ টেবিলচামচ বেকিং সোডা এবং ৮-১০ ফোঁটা এসেনসিয়াল অয়েল বা লেবুর রস দিন। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে কমোডে স্প্রে করুন এবং ব্রাশ দিয়ে মেজে নিন। তারপর ফ্ল্যাশ করুন।





