একবার ভাজার পর সেই তেল কি ফের ব্যবহার করছেন? ডেকে আনছেন মারাত্মক রোগ!

মুখরোচক খাবার তৈরি করার জন্য অনেকেই রান্নার সময় বেশি পরিমাণে তেল ব্যবহার করে থাকেন। এরপর বেঁচে যাওয়া তেল ফেলে না দিয়ে অনেকেই সেটি অন্য খাবার তৈরিতে পুনরায় ব্যবহার করেন। কিন্তু জানেন কি, এই পোড়া তেল দ্বিতীয়বার ব্যবহার করলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে নানা জটিল রোগ?
বিশেষজ্ঞদের মতে, পোড়া তেল বারবার ব্যবহার করলে শরীরে ফ্রি রেডিক্যালের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করে। এই ফ্রি রেডিক্যাল আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ সৃষ্টি করতে পারে। এমনকি, এই ক্ষতিকর উপাদান কখনো কখনো ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণও হতে পারে।
শুধু তাই নয়, পোড়া তেল ব্যবহার করলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে। এর ফলে ধমনীতে রক্ত জমাট বাঁধা, হার্ট অ্যাটাক বা স্নায়ুর সমস্যা-সহ একাধিক গুরুতর রোগ দেখা দিতে পারে।
তেল কতবার ব্যবহার করা উচিত?
সাধারণভাবে, একবার ব্যবহৃত তেলে খাবার তৈরির পর সেটি আর ব্যবহার করা উচিত নয়। তবে কিছু ক্ষেত্রে, কী ধরনের তেল ব্যবহার করা হচ্ছে, তার উপর নির্ভর করে তেল কতবার পুনরায় ব্যবহার করা যাবে। কিছু সহজ উপায় অবলম্বন করলে অবশ্য ব্যবহৃত তেল পুনরায় রান্নার কাজে লাগানো যেতে পারে:
সঠিকভাবে সংরক্ষণ: প্রথমে ব্যবহৃত তেল সম্পূর্ণরূপে ঠান্ডা করা উচিত। তারপর সেই তেল একটি এয়ার টাইট পাত্রে ভালোভাবে ছেঁকে রাখলে তেলের মধ্যে থাকা অনেক ক্ষতিকারক কণা নীচে থিতিয়ে পড়ে।
পুনরায় ব্যবহারের আগে পরীক্ষা: তেল পুনরায় ব্যবহার করার আগে অবশ্যই তার রং এবং ঘনত্ব পরীক্ষা করা জরুরি। যদি তেল গাঢ় বা কালচে রঙের হয়ে যায় এবং স্বাভাবিকের চেয়ে বেশি ঘন মনে হয়, তবে সেই তেল ব্যবহার না করাই ভালো।
ধোঁয়ার পরীক্ষা: যদি তেল গরম করার সময় খুব দ্রুত ধোঁয়া উঠতে শুরু করে, তাহলে সেই তেল অবশ্যই ফেলে দেওয়া উচিত। কারণ এই তেলে শরীরের পক্ষে ক্ষতিকারক রাসায়নিক জমা হতে পারে।
মনে রাখার বিষয়:
বিভিন্ন ভোজ্যতেলের পুষ্টিগুণ এবং উপাদান ভিন্ন ভিন্ন হয়। সব তেল একই উচ্চ তাপমাত্রায় ভাঙে না। কিছু তেল দীর্ঘ সময় ধরে চুলার আঁচে ভাজার জন্য বিশেষভাবে উপযুক্ত। যেমন – সূর্যমুখী তেল, সয়াবিন তেল, চিনাবাদামের তেল, তিলের তেল, সরিষার তেল এবং ক্যানোলা তেল ইত্যাদি।
অন্যদিকে, অলিভ অয়েলের মতো তেলগুলো মূলত সালাদ ড্রেসিং বা হালকা রান্নার জন্য ব্যবহার করা উচিত, ভাজাপোড়ার জন্য নয়। এই তেল একবারের বেশি ব্যবহার করা উচিত নয়। উচ্চ তাপমাত্রায় এই তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং এটি ক্ষতিকর উপাদান তৈরি করতে পারে।
তাই, সুস্থ থাকতে এবং মারাত্মক রোগ থেকে বাঁচতে একবার ব্যবহৃত তেল দ্বিতীয়বার ব্যবহার করার অভ্যাস ত্যাগ করুন। যদি একান্তই পুনরায় ব্যবহার করতে হয়, তবে উপরে দেওয়া নিয়মগুলি অবশ্যই মেনে চলুন।