একবার ভাজার পর সেই তেলেই রান্না করছেন? ডেকে আনছেন মারাত্মক রোগ!

ভাজাভুজি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিশেষ করে শীতের সন্ধ্যায় বা অলস দুপুরে গরম গরম ভাজা পকোড়া বা আলুর চপ পেলে মন ভরে যায়। আর এই ভাজাভুজি তৈরির পর যে তেল অবশিষ্ট থাকে, তা পুনরায় ব্যবহারের প্রবণতাও অনেকের মধ্যেই দেখা যায়। তবে এই অভ্যাসটি আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা কি ভেবে দেখেছেন? গবেষণা বলছে, একবার ব্যবহৃত তেল বারবার ব্যবহার করলে শরীরে মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে।
গবেষণায় ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে, বার বার ব্যবহার করা রান্নার তেল শরীরে ফ্রি র্যাডিকলের মাত্রা বৃদ্ধি করে, যা বিভিন্ন রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (FSSAI)-এর তথ্য অনুযায়ী, ভাজা তেল পুনরায় ব্যবহার করা একেবারেই উচিত নয়। ট্রান্সফ্যাটের ক্ষতিকর প্রভাব এড়াতে তিনবারের বেশি ব্যবহার করা তেল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, রান্নার তেল কতবার ব্যবহার করা যাবে, তা মূলত নির্ভর করে কিছু বিষয়ের উপর। যেমন, কী ধরনের খাবার ভাজা হচ্ছে, কোন প্রকার তেল ব্যবহার করা হচ্ছে এবং কতক্ষণ ধরে বা কোন তাপমাত্রায় তেল গরম করা হয়েছে। উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত তেল থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও, বারবার ব্যবহারের ফলে অনেক সময় তেল থেকে দুর্গন্ধও আসতে শুরু করে, যা খাবারের স্বাদ নষ্ট করে দেয়।
বারবার ব্যবহৃত তেল শরীরে কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলে। বারবার ভাজার প্রক্রিয়ায় তেলে কিছু ক্ষতিকর যৌগ গঠিত হয়। এই যৌগগুলোর বিষাক্ততা শরীরের লিপিড জমা করার ক্ষমতা বৃদ্ধি করে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সুস্থ ও রোগমুক্ত জীবন যাপনের জন্য তাই প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে তেল ব্যবহার করা এবং একবার ব্যবহারের পর সেই তেল ফেলে দেওয়া। পুরনো তেল পুনরায় ব্যবহার করার লোভ পরিহার করাই বুদ্ধিমানের কাজ।