একই তেলে বার বার রান্না? অজান্তেই ডেকে আনছেন হার্ট অ্যাটাক ও ক্যানসারের ঝুঁকি!

আমাদের দৈনন্দিন রান্নার অবিচ্ছেদ্য অংশ হলো তেল। অনেক সময় কিছু ভাজার পর leftover তেল আমরা পুনরায় রান্নার কাজে ব্যবহার করে থাকি। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, সরিষা হোক বা সয়াবিন, একই তেল বারবার ব্যবহার করা মোটেই স্বাস্থ্যকর নয়। এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

কতবার ব্যবহার করা যাবে একই তেল?
বিশেষজ্ঞদের মতে, ট্রান্সফ্যাট উৎপন্ন হওয়া রোধ করতে একই তেল সর্বোচ্চ তিনবার ব্যবহার করা যেতে পারে। তবে, এটি নির্ভর করে তেলের ধরন, কী ধরনের খাবার কতক্ষণ ধরে এবং কত উচ্চ তাপমাত্রায় ভাজা হচ্ছে তার ওপর। যদি তেল খুব উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয়, তাহলে তা একাধিকবার ব্যবহার না করাই উচিত।

একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি
সময়ের সঙ্গে সঙ্গে ভাজার তেলের রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে যায়। একবার ব্যবহৃত তেল আবার রান্নার কাজে ব্যবহার করলে তা থেকে কম্পাউন্ড টক্সিসিটি, লিপিড ডিপোজিশন, অক্সিডেটিভ স্ট্রেস, হাইপারটেনশন-সহ একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

অ্যাসিডিটি ও হজমের সমস্যা
বর্তমানে অ্যাসিডিটির সমস্যা ঘরে ঘরে। এর অন্যতম প্রধান কারণ হতে পারে রান্নায় ব্যবহৃত তেল। একই তেল বহুবার ব্যবহার করে খাবার তৈরি করলে তা অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তোলে। এর ফলে পেটে জ্বালা, গলা ও বুকে জ্বালার মতো অস্বস্তি দেখা দেয়। যদি আপনার আগে থেকেই গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যা থাকে, তবে ভাজা খাবার পুরোপুরি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি
আপনি যখন রান্নার কাজে একই তেল বারবার ব্যবহার করেন, তখন ট্রান্স ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। কারণ অতিরিক্ত তাপমাত্রায় গরম করা হলে স্নেহ জাতীয় কিছু পদার্থ ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। এই ট্রান্স ফ্যাটই শরীরে হৃদরোগ ডেকে আনার অন্যতম প্রধান কারণ। তাই এ ধরনের মারাত্মক অসুখ থেকে বাঁচতে রান্নার কাজে একই তেল বারবার ব্যবহার করা থেকে বিরত থাকুন।

বাড়ায় ক্যানসারের ঝুঁকি
ক্যানসারের ঝুঁকি কমাতেও একই তেলে বারবার রান্না করা থেকে বিরত থাকতে হবে। কারণ একই তেল যদি একাধিকবার গরম করেন, তবে তাতে কার্সিনোজেনিক উপাদানের পরিমাণ বেড়ে যায়। এই উপাদানগুলো ক্যানসার ও ইনফ্লেমেশনের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। ক্যানসার থেকে বাঁচতে চাইলে খাবারের প্রতি সতর্ক থাকতে হবে, বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত তেলের দিকে কড়া নজর রাখা জরুরি।