অনিয়মিত পিরিয়ড: নারীর প্রজনন স্বাস্থ্যের প্রচলিত সমস্যা ও কারণসমূহ

নারীর প্রজনন স্বাস্থ্যের জন্য নিয়মিত পিরিয়ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ২৮ দিনের একটি সাইকেলকে পিরিয়ড সাইকেলের গড় সময় ধরা হয়। তবে নারীর শরীর, আবহাওয়া বা মাসের ভিত্তিতে এই সময় কিছুটা পরিবর্তিত হতে পারে। ২৪-৩৮ দিনের সাইকেলকেও নিয়মিত পিরিয়ড হিসেবে ধরা হয়। কিন্তু এর কম বা বেশি হলে, অথবা সাইকেল বারবার পরিবর্তিত হলে তাকে অনিয়মিত পিরিয়ড বলা হয়। এটি নারীর শরীরে একটি প্রচলিত সমস্যা, যার পেছনে থাকতে পারে নানা কারণ।

অনিয়মিত পিরিয়ডের সম্ভাব্য কারণসমূহ:
বয়ঃসন্ধিকাল: বয়ঃসন্ধির শুরুতে, সাধারণত ১২-২০ বছর বয়সে, অনেক মেয়ের শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের অভাব থাকে। এই হরমোনগুলোর ভারসাম্যের অভাবে পিরিয়ড অনিয়মিত হতে পারে।

জন্মনিয়ন্ত্রণ পিল: যারা জন্মনিয়ন্ত্রণে পিল সেবন করেন, তাদের হঠাৎ পিল খাওয়া বন্ধ করে দিলে বা ওষুধের বারবার পরিবর্তন করলেও পিরিয়ডে সমস্যা দেখা দিতে পারে। শরীরের হরমোনের উপর পিলের প্রভাবের কারণে এমনটা হতে পারে।

মানসিক চাপ: মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক একটি বিশেষ অংশ থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়, যার মধ্যে কিছু হরমোন মাসিকের জন্য প্রভাবকের কাজ করে। কিন্তু অতিরিক্ত মানসিক চাপে ভুগলে অনেক সময় হাইপোথ্যালামাস ঠিকমতো কাজ করে না, ফলে মাসিক শুরু হতে দেরি হয়।

থাইরয়েড-এর সমস্যা: গলার নিচে অবস্থিত থাইরয়েড গ্ল্যান্ড শরীরের মেটাবলিজম ও অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই থাইরয়েড গ্রন্থির যেকোনো সমস্যার কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে।

অতিরিক্ত ভারি ব্যায়াম: অতিরিক্ত ব্যায়াম করলে পিরিয়ড অনিয়মিত হতে পারে। যারা রেসার, হেভি ওয়েট লিফটিং করেন বা নিয়মিতভাবে কঠিন পরিশ্রম করেন, তারা এই সমস্যায় ভুগতে পারেন। কারণ অতিরিক্ত এক্সারসাইজ ইস্ট্রোজেন লেভেল কমায়, যার ফলে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

প্রি-মেনোপজ: সাধারণত ৫০ বছর বয়সে মেনোপজ বা একবারে পিরিয়ড বন্ধ হয়। তবে অনেকের ক্ষেত্রে ৪০ থেকে ৪৫ বছরের মধ্যেই মেনোপজ শুরু হয়ে যায়, যাকে প্রি-মেনোপজ বলে। এই প্রি-মেনোপজের সময়ে পিরিয়ড অনিয়মিত হতে পারে।

ব্রেস্ট ফিডিং: ব্রেস্ট ফিডিং-কে অনেক সময় প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা বলা হয়। যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান, তাদের পিরিয়ড সাধারণত বন্ধ থাকে বা অনিয়মিতভাবে হয়।

ওজন কম বা বেশি: ওজন অতিরিক্ত কম বা বেশি হলে পিরিয়ডের ওপর তার প্রভাব পড়ে। অতিমাত্রায় স্থূল নারীদের ওভারির চারপাশে ফ্যাট জমে ওভুলেশনে সমস্যা হয়, যার ফলে পিরিয়ড নিয়মিত হয় না। একইভাবে, অতিমাত্রায় ক্ষীণ স্বাস্থ্যও পিরিয়ড অনিয়মিত করতে পারে।