অনলাইনে সঙ্গীর প্রতারণা? কয়েকটি লক্ষণে হতে পারে সন্দেহ

বর্তমানে ডিজিটাল যুগে অনলাইন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজের সূত্রে হোক বা নিছক আড্ডার জন্য, ভার্চুয়াল জগতে আমাদের আনাগোনা লেগেই থাকে। এই প্রযুক্তি যেমন নতুন সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, তেমনই কিছু অসাধু ব্যক্তির প্রতারণার হাতিয়ারও হয়ে ওঠে।
অনেকেই বিবাহিত জীবন অথবা প্রেমের সম্পর্কে থাকা সত্ত্বেও অনলাইনে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। সঙ্গীর অগোচরে এই ধরনের কার্যকলাপ চালানোটাই অনলাইন প্রতারণা। আপনার স্বামী বা স্ত্রীর আচরণে যদি এই ধরনের কোনো সন্দেহ দানা বাঁধে, তবে কয়েকটি লক্ষণ মিলিয়ে দেখতে পারেন। হয়তো এর মাধ্যমেই আপনি একটি স্পষ্ট ধারণা পেতে পারেন:
সব সময় ফোনে নজর রাখা: অনলাইন প্রতারণার অন্যতম প্রাথমিক লক্ষণ এটি। যদি আপনি দেখেন আপনার সঙ্গী দিনের বেশিরভাগ সময় ফোনেই বুঁদ হয়ে থাকেন, তাহলে তার কার্যকলাপ সম্পর্কে জানার চেষ্টা করুন। তবে সবসময় খারাপ কিছু ভাবার কারণ নেই, হয়তো তিনি কোনো জরুরি কাজেও ব্যস্ত থাকতে পারেন। তাই সরাসরি অভিযোগ না করে আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করুন।
ফোন সব জায়গায় নিয়ে যাওয়া: আপনার সঙ্গী কি ঘরের ভেতরেও, এমনকি রান্নাঘর বা বাথরুমে যাওয়ার সময়ও ফোন সঙ্গে নিয়ে যান? এমন অস্বাভাবিক আচরণ সন্দেহ উদ্রেক করতে পারে। সম্ভবত তিনি আপনার থেকে কিছু লুকাতে চাইছেন। তবে এর অন্য কারণও থাকতে পারে, যেমন গুরুত্বপূর্ণ কাজের ফোন কলের উত্তর দেওয়ার তাগিদ।
ফোন পাসওয়ার্ড সুরক্ষিত: আজকাল প্রায় সকলের স্মার্টফোনই পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে। বেশিরভাগ দম্পতি একে অপরের ফোনের পাসওয়ার্ড জানেন বা শেয়ার করেন। কিন্তু যদি হঠাৎ করে বা শুরু থেকেই আপনার সঙ্গী তার ফোনের পাসওয়ার্ড আপনার সঙ্গে শেয়ার করতে না চান, তবে বিষয়টি চিন্তার কারণ হতে পারে। এটিও অনলাইন প্রতারণার একটি ইঙ্গিত হতে পারে।
ফোনের দিকে তাকিয়ে হাসা: অনলাইনে মজার ভিডিও বা পোস্টে আমরা সকলেই কমবেশি হাসি। তবে যদি আপনি লক্ষ্য করেন আপনার সঙ্গী হঠাৎ ফোন হাতে নিয়ে একমনে হাসছেন এবং জিজ্ঞাসা করলে এড়িয়ে যাচ্ছেন, তাহলে একটু সতর্ক হন। এর পেছনে অন্য কারণও থাকতে পারে, তবে অনলাইনে অন্য কারো সাথে চ্যাটিংয়ের সময়ও এমনটা হওয়া অস্বাভাবিক নয়।
একটি নামই প্রতিবার পপ আপ হয়: আধুনিক সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমের কারণে, যার সঙ্গে বেশি যোগাযোগ রাখা হয় তার নামই সাধারণত প্রথমে ভেসে ওঠে। যদি আপনার সঙ্গীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার অ্যাক্সেস থাকে, তাহলে এই বিষয়টি লক্ষ্য রাখতে পারেন। তবে শুধু এই কয়েকটি লক্ষণ দেখেই সঙ্গীকে প্রতারক ভেবে নেওয়া উচিত নয়। কোনো সিদ্ধান্তে আসার আগে ভালোভাবে খোঁজখবর নিন এবং সরাসরি আলোচনা করুন। পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়াই একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে।