ভিটামিন ডি-এর অভাব: কারণ, লক্ষণ ও প্রতিকার

ভিটামিন ডি মানবদেহের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। এর ঘাটতি শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। খাদ্যে ভিটামিন ডি-এর অপর্যাপ্ততা এবং সূর্যের আলোর অভাবের কারণে বহু মানুষের শরীরেই এই ভিটামিনের ঘাটতি দেখা যায়। ভিটামিন ডি শরীরের গুরুত্বপূর্ণ কার্যকারিতায় অপরিহার্য ভূমিকা পালন করে। এর অভাবে যেকোনো বয়সের মানুষ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ডি শিশুদের হাড়ের সঠিক বিকাশে সহায়ক এবং বয়স্কদের হাড়কে মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি ভিটামিন ডি-এর অভাবজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা বেড়েছে এবং পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছেন।
যেসব কারণে ভিটামিন ডি-এর ঘাটতি হতে পারে:
ত্বকের মেলানিনের পরিমাণ বেশি থাকা (ত্বকের রং বেশি কালো হওয়া)
বয়স বৃদ্ধি
অতিরিক্ত ওজন
পর্যাপ্ত পরিমাণে মাছ বা দুগ্ধজাত খাবার গ্রহণ না করা
অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার করা
দীর্ঘ সময় ধরে ঘরের ভেতরে থাকা
শরীরে ভিটামিন ডি কমে যাওয়ার কিছু সাধারণ লক্ষণ:
১. ঘন ঘন সংক্রমণ: ভিটামিন ডি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরে এর অভাব হলে ঘন ঘন সর্দি-কাশি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
২. হাড় ও জয়েন্টে ব্যথা: ভিটামিন ডি-এর অভাবে হাড়, জয়েন্ট, পিঠ এবং স্নায়ুতে ব্যথা অনুভূত হতে পারে।
৩. অবসাদ: ভিটামিন ডি-এর অভাবের সঙ্গে বিষণ্নতার একটি যোগসূত্র রয়েছে। কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই মন খারাপ লাগলে ভিটামিন ডি-এর মাত্রা পরীক্ষা করানো উচিত।
৪. চুল পড়া: অতিরিক্ত চুল পড়া ভিটামিন ডি কমে যাওয়ার একটি লক্ষণ হতে পারে।
৫. ক্ষত নিরাময়ে বিলম্ব: অস্ত্রোপচার বা আঘাতের পর ক্ষত ধীরে ধীরে শুকানো ভিটামিন ডি-এর অভাবের ইঙ্গিত দিতে পারে।
৬. ওজন বৃদ্ধি: পর্যাপ্ত ভিটামিন ডি-এর অভাব শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
৭. ক্লান্তি: ভিটামিন ডি কমে গেলে শরীর দুর্বল ও ক্লান্ত বোধ হতে পারে। সামান্য পরিশ্রমেও ক্লান্তি অনুভব করা যেতে পারে।
ভিটামিন ডি সমৃদ্ধ খাবার:
ভিটামিন ডি একটি ফ্যাট-দ্রবণীয় স্টেরয়েড, যা অন্ত্র থেকে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে। ভিটামিন ডি-এর অভাব পূরণে কিছু খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাছ: স্যামন, সার্ডিন, টুনা এবং ম্যাকেরেলের মতো চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তিন আউন্স স্যামন মাছের একটি টুকরো দৈনিক ভিটামিন ডি-এর চাহিদার প্রায় ৫০ শতাংশ পূরণ করতে পারে।
মাশরুম: কিছু বিশেষ প্রজাতির মাশরুম, যেমন পরটোবেললো, সূর্যের আলোতে জন্মানোর কারণে ভিটামিন ডি সমৃদ্ধ থাকে।
কমলার জুস: বাজারে কিছু ভালো ব্র্যান্ডের কমলার জুসে ভিটামিন ডি যোগ করা হয়। কেনার আগে প্যাকেজের উপাদান তালিকা ভালোভাবে দেখে নেওয়া উচিত।
ডিম: ডিমেও কিছু পরিমাণে ভিটামিন ডি থাকে। তবে উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
অর্গান মিট (কলিজা): গরুর কলিজার মতো অঙ্গপ্রত্যঙ্গ জাতীয় খাবারে ভিটামিন ডি পাওয়া যায়।
বিশেষজ্ঞরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণের জন্য সুষম খাদ্য গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী সূর্যের আলোতে থাকার পরামর্শ দেন। ভিটামিন ডি-এর অভাবের লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।