নখে সাদা দাগ? কেবল ক্যালসিয়ামের অভাব নয়, হতে পারে গুরুতর রোগের লক্ষণ!

আপনার নখে কি প্রায়শই সাদা দাগ দেখা যায়? হাত বা পায়ের যেকোনো নখেই এমন দাগ পড়তে পারে। অনেক সময় এই দাগগুলো নিজে থেকেই সেরে গেলেও, প্রতিটি নখেই যদি এমন দাগ দেখা যায় তবে তা হতে পারে উদ্বেগের কারণ। অনেকেই মনে করেন, ক্যালসিয়ামের অভাবেই বুঝি এমন দাগ দেখা দেয়। কিন্তু পুষ্টিবিদ ও চিকিৎসকরা বলছেন, এই দাগ হওয়ার আরও কিছু কারণ আছে, যা বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক নখে সাদা দাগ দেখা দেওয়ার নেপথ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ কারণ:
নখে সাদা দাগের কারণ
আঘাত: নখে আঘাত লাগার কারণে অনেক সময় সাদা দাগ দেখা দেয়। যদিও এই দাগ আঘাতের বেশ কিছুদিন পর নখে ফুটে ওঠে। এ কারণে অনেকেই বুঝতে পারেন না আসলে কী কারণে নখে সাদা দাগ দেখা দিয়েছে। হতে পারে, দরজায় আঙুল চাপা পড়েছে বা ভারী কিছু পড়েছিল, যার ফলস্বরূপ এই দাগ।
সংক্রমণ (ফাঙ্গাস): নখে কোনো কারণে ইনফেকশন বা সংক্রমণ ঘটলেও সাদা দাগ দেখা দিতে পারে। সাধারণত ফাঙ্গাসের কারণে এমনটি হতে পারে। এজন্য নখ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ফাঙ্গাস প্রতিরোধে নখ সবসময় শুকনো রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।
ভিটামিনের অভাব: শরীরে ভিটামিনের অভাব হলে নখের ওপর এরকম সাদা দাগ দেখা যায়। অধিকাংশ নারীদের নখেই ক্যালসিয়ামের অভাবে এমনটি ঘটে। এছাড়া, জিঙ্কের অভাবেও এমন দাগ দেখা দিতে পারে। তাই খাদ্যতালিকায় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার যোগ করা প্রয়োজন।
অ্যালার্জিক প্রতিক্রিয়া: অ্যালার্জির প্রতিক্রিয়া থেকেও নখে সাদা দাগ দেখা দিতে পারে। কোনো নেইলপলিশ বা রিমুভার থেকেও এই অ্যালার্জি হতে পারে, যা অনেক নারীই টের পান না। কেমিক্যালযুক্ত প্রসাধনীর ব্যবহার পরিমিত রাখা উচিত এবং ভালো মানের পণ্য ব্যবহার করা উচিত।
রক্তস্বল্পতা (অ্যানিমিয়া): অ্যানিমিয়ায় ভুগলে নখে সাদা দাগ দেখা দিতে পারে। অ্যানিমিয়া হলো শরীরে রক্ত কমে যাওয়া, যার ফলে শরীর ফ্যাকাশে হয়ে যায় এবং নখেও সাদা দাগ পড়ে।
কিডনির সমস্যা: কিছু ক্ষেত্রে, কিডনির সমস্যার কারণেও নখে সাদা দাগ দেখা দিতে পারে। এটি একটি গুরুতর লক্ষণ হতে পারে, যা দ্রুত চিকিৎসার প্রয়োজন।