গ্যাস্ট্রিকের জ্বালায় অস্থির? মুক্তি পেতে এই অভ্যেস গুলি ছাড়ুন, জেনেনিন

গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের পাকস্থলীর অভ্যন্তরে একটি সূক্ষ্ম ঝিল্লি থাকে, যা খাদ্যস্থ অ্যাসিড ও ক্ষতিকর জীবাণু থেকে পাকস্থলীকে রক্ষা করে। কোনো কারণে এই ঝিল্লি ক্ষতিগ্রস্ত হলে অ্যাসিডের সংস্পর্শে জ্বালাপোড়া শুরু হয়, আর এটাই গ্যাস্ট্রাইটিসের মূল লক্ষণ। এই অস্বস্তি থেকে বাঁচতে হজম প্রক্রিয়াকে সঠিক রাখা জরুরি। সেজন্য কিছু দৈনন্দিন অভ্যাস ত্যাগ করা অপরিহার্য।
আসুন, জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলো যা গ্যাস্ট্রিকের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে:
ধূমপান ও অ্যালকোহল:
ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে এটি গ্যাস্ট্রিকেরও অন্যতম প্রধান কারণ। সিগারেটের ধোঁয়া ও অ্যালকোহল আমাদের পাচনতন্ত্রের সুরক্ষাকারী মিউকাস স্তরকে নষ্ট করে দেয়। অতিরিক্ত চা ও কফি পান করাও একই ধরনের ক্ষতি করে। ঝাল, আদা, সরিষা অথবা চিনিযুক্ত খাবার বেশি খেলেও পাকস্থলীতে অস্বস্তি হতে পারে। তাই সুস্থ থাকতে খাদ্য তালিকা থেকে এদের বাদ দিতে হবে অথবা নিয়ন্ত্রণে আনতে হবে।
খাবারে অনিয়ম:
গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে খাবারের সময়সূচী ও পরিমাণে কোনো ধরনের অনিয়ম করা চলবে না। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণে খাবার গ্রহণ করা জরুরি। গবেষকদের মতে, সুস্থ থাকার জন্য আমাদের অল্প পরিমাণে পাঁচ বেলা খাওয়া উচিত। একবারে বেশি খাবার খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যাও বাড়তে পারে।
অল্প চিবিয়ে খেয়ে ফেলা:
অনেকেই তাড়াহুড়ো করে খাবার খান এবং ভালোভাবে না চিবিয়েই গিলে ফেলেন। দ্রুত খাবার খাওয়া মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়। ভালোভাবে চিবিয়ে না খেলে পাকস্থলীর উপর চাপ বাড়ে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তাই খাওয়ার সময় কথা বলা বা অন্য কোনো কাজ করা থেকে বিরত থাকুন এবং ধীরে ধীরে খাবার চিবিয়ে খান।
একসঙ্গে অনেক ধরনের খাবার খাওয়া:
অনেকের অভ্যাস থাকে একসঙ্গে অনেক ধরনের খাবার সাজিয়ে খেতে বসা। এই অভ্যাস গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যথেষ্ট। অনেকে আবার মূল খাবারের সঙ্গে সঙ্গেই ফল খান, যা পরিহার করা উচিত। মূল খাবার এবং ফল খাওয়ার মধ্যে অন্তত আধা ঘণ্টার বিরতি দেওয়া প্রয়োজন। সবচেয়ে ভালো হয় সকাল ও দুপুর অথবা দুপুর ও রাতের খাবারের মধ্যবর্তী সময়ে ফল খেলে।
খাবারের পরপরই জল পান করা:
অনেকে জল ছাড়া খাবার খেতে পারেন না। প্রতি লোকমা খাবারের পরেই এক ঢোঁক জল পান করার অভ্যাস থাকলে আজই ত্যাগ করুন। খাবারের সঙ্গে সঙ্গেই জল পান করতে থাকলে তা গ্যাস্ট্রিকের সমস্যা ডেকে আনে। এর কারণ হলো খাবার খাওয়ার পরপরই আমাদের পাকস্থলীতে হজম রসের নিঃসরণ ঘটে। পেটে যদি বেশি জল যায় তবে হজম রস তার সঙ্গে মিশে কার্যকারিতা হারিয়ে ফেলে। এর ফলে অ্যাসিডিটি ও বুকে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দেয়।
গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে হলে সচেতনভাবে এই অভ্যাসগুলো ত্যাগ করা জরুরি। সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মাধ্যমে এই অস্বস্তি থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।