কাশির ওষুধে আর ভরসা নয়! প্রাকৃতিক উপায়ে নিরাময়ের সেরা উপায় কি মধু?

কাশির উপশমে মধু দীর্ঘকাল ধরে এক নির্ভরযোগ্য ঘরোয়া সমাধান। আধুনিক চিকিৎসাবিজ্ঞানও স্বীকার করছে যে, হালকা ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণের ক্ষেত্রে মধু অত্যন্ত কার্যকর। এর ঘন ও আঠালো গঠন গলার ভেতরে এক আরামদায়ক আবরণ তৈরি করে, যা কাশির তীব্রতা কমাতে সাহায্য করে। এছাড়া মধুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে, রাতে কাশির প্রকোপ কমাতে মধু কাশির ওষুধের চেয়েও ভালো কাজ করে। বিএমজে জার্নালস-এর তথ্য অনুযায়ী, মধু অ্যান্টিবায়োটিকের একটি সস্তা ও সহজলভ্য বিকল্প হিসেবে কাজ করতে পারে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রোধেও সহায়ক।

মধুর পূর্ণ সুবিধা পেতে ঘুমানোর আগে এক-দুই চা চামচ সরাসরি খাওয়া যেতে পারে। এছাড়া কুসুম গরম পানি, দুধ বা হার্বাল চায়ের সঙ্গে মধু মিশিয়ে পান করলে গলার অস্বস্তি দ্রুত দূর হয়। তবে মনে রাখতে হবে, মধু কাশির মূল কারণ যেমন হাঁপানি বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসা করে না, বরং উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে। সতর্কতা হিসেবে, এক বছরের কম বয়সী শিশুদের মধু খাওয়ানো কঠোরভাবে নিষেধ, কারণ এতে বোটুলিজম সংক্রমণের ঝুঁকি থাকে। ডায়াবেটিস রোগীদেরও এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।