ওজন কমাতে মরিয়া? এই ৩ ভুলেই ডেকে আনছেন বিপদ

শরীরের অতিরিক্ত ওজন ঝরিয়ে সুস্থ ও ফিট থাকতে চান সকলেই। তবে অনিয়মিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে ওজন বেড়ে যাওয়া এখন একটি সাধারণ সমস্যা। এই বাড়তি ওজন শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওজন বহনকারী ব্যক্তিরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের শরীরে এর প্রভাব আরও বেশি গুরুতর হতে পারে। এই কারণেই মহামারীর শুরু থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়ে আসছেন। সংক্রমণ এড়ানো না গেলেও, ওজন নিয়ন্ত্রণে থাকলে রোগের ঝুঁকি অবশ্যই কমবে বলে আশা করা যায়।

তাই অনেকেই এখন দ্রুত ওজন কমানোর চেষ্টায় উঠেপড়ে লেগেছেন। তবে দ্রুত ওজন কমাতে গিয়ে অন্য কোনো শারীরিক জটিলতা ডেকে আনছেন না তো? এই বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

কম সময়ের মধ্যে ওজন কমাতে গিয়ে আমরা অনেকেই কিছু ভুল করে থাকি। ওজন কমানোর সময় এমন ৩টি ভুল একেবারেই করা উচিত নয়:

>> প্রোটিন বাদ দেওয়া: ওজন কমাতে গিয়ে অনেকেই মনে করেন প্রোটিন কম খেলে দ্রুত ওজন কমে। তবে এটি একটি ভুল ধারণা। খাবারে পর্যাপ্ত প্রোটিন না থাকলে শরীরে অতিরিক্ত ক্ষুধা লাগে এবং শরীরের পেশি ক্ষয় হতে শুরু করে। অন্যদিকে, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করলে ক্যালোরির চাহিদা কমে এবং শরীর শক্তি পায়। তাছাড়া, করোনা চিকিৎসায় বারবার খাদ্যে প্রোটিনের গুরুত্বের কথা বলা হয়েছে।

>> দীর্ঘক্ষণ উপোস থাকা: ওজন কমানোর জন্য অনেকেই দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন বা ফাস্টিং করেন। তবে মনে রাখবেন, সকাল, দুপুর বা রাতের কোনো এক বেলার খাবার বাদ দেওয়া শরীরের জন্য ক্ষতিকর। খালি পেটে থাকলে শরীরের রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা কমে যায়, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই প্রতি বেলায় অল্প পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি।

>> ঘুমের অভাব: ওজন কমাতে হলে প্রথমেই নজর দিতে হবে পর্যাপ্ত ঘুমের দিকে। দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো ওজন কমানোর একটি গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখবেন, কম ঘুমিয়ে শুধু ব্যায়াম করে বা কম খেয়ে সুস্থ থাকা যায় না। এতে শরীর দুর্বল হয়ে পড়ে। এই মহামারীর সময়ে সুস্থ থাকতে হলে সতর্ক ও সচেতনভাবে ওজন কমাতে হবে। তাড়াহুড়ো করে ভুল পথে হেঁটে শরীরের আরও ক্ষতি করা উচিত নয়।