ওজন কমাতে অতিরিক্ত ডায়েট নয়, মেনে চলুন সহজ কিছু নিয়ম!

শরীরের বাড়তি মেদ ও ওজন আপনার সৌন্দর্য ম্লান করে দেয়, এ কথা অনস্বীকার্য। তাই তো ওজন কমাতে আমরা কত কিছুই না করি—শারীরিক কসরত থেকে শুরু করে খাবার দাবারের বেলাতেও সীমারেখা টানি। কিন্তু এত কিছুর পরও আশানুরূপ ফল মিলছে না অনেকেরই। এর কারণ কী?

বিশেষজ্ঞরা বলছেন, ক্র্যাশ ডায়েট, ইন্টারমিটিং ফাস্টিং বা অতিরিক্ত শরীরচর্চা, যা-ই করুন না কেন, এর একটি নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত। কেননা অতিরিক্ত ডায়েট এবং শরীরচর্চা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। আপনার জন্য কোনটি প্রযোজ্য, তা আগে জানুন। এছাড়াও কিছু সাধারণ নিয়ম মেনে চললে তা আপনার ওজন কমাতে কঠিন ডায়েট প্ল্যান থেকেও বেশি কার্যকর হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই সহজ উপায়গুলো:

১. নিয়মিত গরম জল পান করুন
ওজন কমাতে লেবু-মধু-গরম জলের উপকারিতার কথা অনেকেই জানেন। তবে শুধু গরম জল পান করেও ওজন কমানো সম্ভব, তা অনেকেরই অজানা। গরম জল শরীরের টক্সিন দূর করতে সহায়তা করে। এছাড়াও গরম জল আপনার অস্বাস্থ্যকর ডায়েটের ফলে শরীরে যে বাড়তি মেদ জমে, তা প্রতিরোধ করতে সহায়তা করবে।

২. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
ওজন কমানোর আরেকটি কার্যকর উপায় হচ্ছে পর্যাপ্ত ঘুম। অবাক হলেও এটি প্রমাণিত। গবেষণায় দেখা যায়, ঘুমের অভাব মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, যার ফলে ওজনও বেড়ে যায়। তাই নিয়মিত আট ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। এতে আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে।

৩. দিনে তিনবেলা খাবার খান
ওজন কমাতে অবশ্যই দিনে তিনবেলা খাবার খান। শরীরের নিয়মিত হজম প্রক্রিয়ার কিছুটা বিশ্রামের প্রয়োজন। তাই আপনার ডায়েট চার্ট অনুযায়ী সকাল, দুপুর এবং রাতে খাবার খান। এতে আপনার হজম প্রক্রিয়া যেমন ভালো থাকবে, তেমনি শরীরের ওজন কমাতেও সাহায্য করবে।

৪. রাতের খাবার বাদ দেবেন না, তবে হালকা খান
রাতের খাবার বাদ দেওয়া যাবে না, তবে তা হবে অবশ্যই হালকা। রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ৩-৪ ঘণ্টা আগে আপনার রাতের খাওয়া শেষ করুন। ভারী খাবার রাতের বেলা একেবারেই খাওয়া যাবে না।

৫. খাবার খাওয়ার পর হাঁটুন
যারা জিমে গিয়ে শরীরচর্চা করার সময় পান না, তারা এই কাজটি করতে পারেন। খাবার খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটুন। এতে আপনার শরীরের মেটাবলিজম বাড়াতে সহায়তা করবে। সেই সঙ্গে খাবারের ফলে বাড়তি মেদ শরীরে জমতে পারবে না। ফলে ওজনও বাড়বে না আপনার।

৬. খাবারের তালিকায় ফল রাখুন
খাবারের তালিকায় ফল রাখুন, বিশেষ করে মৌসুমী ফল বেশি খাওয়ার চেষ্টা করুন। শাকসবজির পাশাপাশি বাদাম, কুমড়ার বীজ, মৌসুমী ফল খান। গ্রীষ্মের এই সময়টাতে প্রচুর ফল পাওয়া যায়, যা আপনার ক্ষুধা মেটানোর পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে। ফলে বারে বারে খেয়ে ওজন বাড়ার হাত থেকে রক্ষা পাবেন খুব সহজেই।

এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনি যেমন স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন, তেমনি আপনার ওজন কমানোর লক্ষ্যও পূরণ হবে। তবে যেকোনো ডায়েট বা শরীরচর্চার রুটিন শুরু করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।