হিজাব পরা কর্পোরেট তরুণী ও বেকার যুবকের অসম প্রেম! সমাজ কি মেনে নেবে এই সম্পর্ক? কবে আসছে প্রেক্ষাগৃহে?

প্রেম, গভীর সম্পর্ক আর পারিবারিক কঠিন বাধার এক আনকোরা গল্প নিয়ে বড়পর্দায় আসছে নতুন বাংলা চলচ্চিত্র ‘জান্নাত – এ টেল অফ ডেস্টিনি’। পরিচালক এমএন রাজের এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা গৌরব এবং অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে ছবির চরিত্রদের প্রথম ঝলক ও লুক। ছবিতে গৌরবকে দেখা যাবে ‘রাহুল’ নামক এক সাধারণ যুবকের চরিত্রে। চলতি বছরের নভেম্বর মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।
গল্পের কেন্দ্রীয় চরিত্র জান্নাত—একজন আধুনিক ও স্বাবলম্বী মুসলিম তরুণী, যিনি একটি কর্পোরেট সংস্থায় কর্মরত। আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হলেও ঐতিহ্য মেনে বাড়ির বাইরে বেরোনোর সময় তিনি হিজাব পরেন। পরিবার বলতে বড় ভাই আলি ও তাঁর স্ত্রী রুকসানা, যাঁরা ছোট থেকে জান্নাতকে নিজেদের সন্তানের মতো স্নেহে বড় করেছেন। তবে বোনের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও তাঁর বিয়ের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও রক্ষণশীল সিদ্ধান্ত নেন আলি।
অন্যদিকে, রাহুল একজন বেকার যুবক। বারবার চাকরির চেষ্টা করেও ব্যর্থ হয়ে সে বন্ধুদের সঙ্গে মহল্লায় ক্যারাম খেলে সময় কাটায়। ঠিক এই পরিস্থিতিতেই আচমকা জান্নাতের সঙ্গে দেখা হয় রাহুলের। প্রথম পরিচয়ের ভালো লাগা ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয়। কিন্তু এই সম্পর্কের কথা জানাজানি হতেই তাদের প্রেমের পথে পাহাড়সম বাধা হয়ে দাঁড়ায় আলি। শেষ পর্যন্ত সামাজিক বাধা আর পরিবারের অমত ডিঙিয়ে রাহুল ও জান্নাত কি এক হতে পারবে? নাকি ভাঙনের গল্পেই শেষ হবে এই প্রেম?
গৌরব ও রূপসা ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত, তুলিকা বসু, দেবরঞ্জন নাগ ও জ্যামি বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান তারকারা। আয়ুষ দাসের সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন রাজ বর্মন, ইশান মিত্র, মানসী ঘোষ ও অঙ্কিতা ভট্টাচার্য। প্রেমের টানাপোড়েনে ভরপুর ‘জান্নাত’ নভেম্বরে বড়পর্দায় কতখানি ঝড় তোলে, সেটাই এখন দেখার।