‘ভ্যানিশ কুমার চোর, অবিলম্বে পদত্যাগ করুন!’ জ্ঞানেশ কুমারকে নিশানা করে চরম হুঙ্কার মমতার

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার আরও চড়া সুরে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’ জোটের গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানিয়ে দেন, অবিলম্বে পদত্যাগ না করলে এই প্রতিবাদ আন্দোলন মাটি থেকে আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়বে।

এদিনের বৈঠকে মূলত ‘SIR’ এবং নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির মতো স্পর্শকাতর ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের সামনে এসে বরাবরই পরিচিত ঢঙে জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন মমতা। বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, “এখন বোঝা যাচ্ছে তো ভ্যানিশ কুমার চোর? উনি ডাকাত।”

তাঁর অভিযোগ, অতীতে বিহার সহ বিভিন্ন রাজ্যে ভোট চুরি করা হয়েছে এবং সেই একই কায়দায় পশ্চিমবঙ্গকেও নিশানা করা হয়েছে। মমতা বলেন, “ভোট চুরি করেছেন, ইভিএম মেশিন জ্বালিয়েছেন, হাইজ্যাক করেছেন, কাউন্টিং মেশিন রিগিং করেছে। কী কী না করেছেন! ওঁর উচিত এক্ষুনি পদত্যাগ করা। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার বাঁচাতে হবে। আমাদের স্পষ্ট দাবি, ভ্যানিশ কুমার পদত্যাগ না করলে এই আন্দোলন মাটি থেকে আকাশ, চাঁদ, সূর্য অবধি চলে যাবে।”

নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে জাতীয় স্তরে বিরোধী দলগুলির এই ঐক্যবদ্ধ আক্রমণ আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।