‘মা হওয়ার ক্ষমতাও চলে যেতে পারত!’ বিগ বস প্রতিযোগী সৃজলার চোট নিয়ে বিস্ফোরক তাঁর দিদি!

বিগ বসের অন্দরে এখন চলছে চরম উত্তেজনা। প্রতিযোগীদের খেলার সমীকরণ বদলাতে শুরু করলেও সম্প্রতি ঘটে যাওয়া এক মারাত্মক দুর্ঘটনা সমস্ত সীমানা ছাড়িয়ে গেছে। টাস্ক চলাকালীন এক ভয়াবহ বিপদের মুখে পড়েন জনপ্রিয় প্রতিযোগী সৃজলা গুহ। পরিস্থিতি এতটাই জটিল ও গুরুতর আকার ধারণ করেছিল যে, ঘটনার পর প্রকাশ্যে হাত জোড় করে সৃজলার পরিবারের কাছে ক্ষমা চাইতে দেখা যায় অপর প্রতিযোগী নন্দিনীর বাবা-মাকে। এই গোটা চাঞ্চল্যকর ঘটনা এবং মেয়ের গুরুতর আঘাতের আসল সত্য তুলে ধরে এবার এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সৃজলার দিদি লিমা।
আঘাতের গভীরতা নিয়ে কথা বলতে গিয়ে লিমা এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি সরাসরি জানান, “মা হবার ক্ষমতা যেতে পারত, সেটাও কিন্তু একচুয়ালি অনেকটাই পসিবিলিটি ছিল। ১৯-২০-র জন্য হয়নি, কিন্তু সত্যি হতে পারত। এটা কোনও ভুল ইনফরমেশন সৃজলা দেয়নি, অনেকটাই চোট পেয়েছে ও।” নন্দিনীর বাবা-মা অত্যন্ত সম্মানী ও গুরুজন হওয়ায় তাঁদের ক্ষমা চাওয়ার পদক্ষেপকে সম্মান জানিয়েছেন লিমা। তবে তাঁর স্পষ্ট জবাব, ক্ষমা করে দিলেও সেই মানসিক আঘাত ও বিশ্বাসভঙ্গের যন্ত্রণা ভোলা সম্ভব নয়। নন্দিনীর ওপর থেকে সৃজলার সমস্ত বিশ্বাস চিরতরে হারিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
চোট পাওয়ার পর বিগ বসের ঘর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ থাকলেও অভিনেত্রী সেই পথ বেছে নেননি। বোনের এই লড়াকু মানসিকতা প্রসঙ্গে লিমা জানান, সৃজলা জন্মগতভাবে একজন ফাইটার। ঘরে যেভাবে সে কামব্যাক করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বর্তমানে চিকিৎসাধীন থেকে ও ফিজিয়োথেরাপির মাধ্যমে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন সৃজলা। অন্যদিকে, দর্শকদের একাংশের দাবি সৃজলার মধ্যে অহংকার রয়েছে। এই সমালোচনার জবাবে লিমা সাফ জানিয়েছেন, সৃজলার কোনো মুখোশ নেই; সে কম কথা বলে বলেই অনেকে তাকে ভুল বোঝেন। সবমিলিয়ে, নানা সমীকরণ ও শারীরিক আঘাতকে পেছনে ফেলে বিগ বসের ঘরে সৃজলার এই টিকে থাকা এবং শেষ পর্যন্ত ট্রফি জয়ের লড়াই এখন দর্শকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।